চলতি বছর নাথিংয়ের নতুন কোনো ডিভাইস আনছে না সিএমএফ

নাথিং ফোন
গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

চলতি বছর নতুন কোনো স্মার্টফোন বাজারে ছাড়ছে না প্রযুক্তি প্রতিষ্ঠান ‘নাথিং’-এর বাজেট-বান্ধব সাব-ব্র্যান্ড সিএমএফ। ফলে ‘ফোন প্রো ২’-এর উত্তরসূরি দেখার জন্য প্রযুক্তিপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। খবর এনগ্যাজেট।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা আকিস ইভানজেলিদিস। তিনি লেখেন, ‘পরবর্তী সিএমএফ ফোন কবে আসবে—তা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। বরাবরের মতোই আমরা গ্রাহকদের কাছে স্বচ্ছ থাকতে চাই।’ ইভানজেলিদিস জানান, তারা ‘ফোন প্রো ২’-এর পরবর্তী সংস্করণ নিয়ে কাজ করছিলেন।

তবে বিশ্ববাজারে মেমোরি চিপ বা র‍্যামের ঊর্ধ্বমুখী দামের কারণে সিএমএফ বর্তমানে নতুন কোনো ডিভাইস তৈরি করতে পারছে না। আর এ কারণেই চলতি বছর নতুন কোনো ফোন না আনার সিদ্ধান্ত নিয়েছে সিএমএফ।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইপ্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে চিপ নির্মাতারা এখন সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। ফলে বাজারে সাধারণ র‍্যামের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে এবং দামও নাগালের বাইরে রয়েছে।

মেমোরি চিপের এ মূল্যবৃদ্ধির কারণে টেক জায়ান্ট অ্যাপল এবং স্যামসাং-ও তাদের ডিভাইসের দাম বাড়ার আভাস দিয়েছে। অন্যদিকে, বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি আশঙ্কা করছে, চিপের মূল্যবৃদ্ধির জেরে চলতি বছর বিশ্বব্যাপী পিসি বা কম্পিউটার সরবরাহ প্রায় ১০ শতাংশ কমে যেতে পারে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে ‘ফোন প্রো ২’ বাজারে এনেছিল সিএমএফ। স্লিম ও হালকা ডিজাইনের এ ফোনটি এক চার্জে টানা দুই দিন ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি করেছিল নির্মাতা প্রতিষ্ঠানটি। এই ফোনটি বাজারজাতের কয়েক মাস পরেই সিএমএফকে একটি স্বতন্ত্র সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করে নাথিং, যার সদর দপ্তর এখন ভারতে।

মূলত ভারতই নাথিং ও সিএমএফ-এর সবচেয়ে বড় বাজার। তবে স্মার্টফোন না এলেও সিএমএফ ভক্তদের জন্য সুখবর রয়েছে। আকিস ইভানজেলিদিস জানিয়েছেন, এ বছর নতুন কোনো ফোন না আসলেও বেশ কিছু গ্যাজেট এবং সম্পূর্ণ নতুন ক্যাটাগরির কিছু চমকপ্রদ প্রোডাক্ট বাজারে ছাড়বে সিএমএফ।

এএইচ