বর্তমানে চীনের মোট রকেট উৎক্ষেপণের ৬০ শতাংশেরও বেশি সম্পন্ন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে। বেইজিং ডেইলি জানিয়েছে, এ খাতের বেশ কিছু কোম্পানি এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
‘ফিউচার অ্যারোস্পেস’ এর স্ট্র্যাটেজিক রিসার্চ বিভাগের প্রধান গাও ইবিন জানান, উৎক্ষেপণের দ্রুত অনুমোদন, যন্ত্রাংশের স্থানীয়করণ এবং শিল্প তহবিলের ক্রমাগত বিনিয়োগের ফলে চীনের ট্রিলিয়ন ইউয়ানের বাণিজ্যিক মহাকাশ বাজার এখন একটি মানসম্মত ও সুসংগঠিত কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
গাও ইবিনের মতে, পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপন, স্যাটেলাইট ইন্টারনেট, স্পেস কম্পিউটিং পাওয়ার এবং ৬জি প্রযুক্তির সমন্বয়ে আকাশ-মহাকাশ-ভূমির একীভূতকরণের মতো বিষয়গুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে। ফলে ২০২৬ সালেও এ খাতে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় থাকবে বলে আশা করা যাচ্ছে।
বেইজিং স্যাটেলাইট টাউন মূলত একটি শিল্প হাব হিসেবে কাজ করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে মহাকাশ গবেষণা সংশ্লিষ্ট দক্ষ জনশক্তি, পুঁজি এবং প্রযুক্তির অবাধ ও কার্যকর প্রবাহ নিশ্চিত করে পুরো অ্যারোস্পেস শিল্পকে শক্তিশালী সমর্থন দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





