গবেষণাগারে স্বর্ণ ও রেনিয়াম ভেজালের দাবি কতটা সত্য; বাজারের অস্থিরতার নেপথ্যে কী?

ব্যাংক অব ইংল্যান্ডে স্বর্ণের বার সংরক্ষণ
বিদেশে এখন
আন্তর্জাতিক বাণিজ্য
0

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সাম্প্রতিক ওঠানামার মধ্যে গবেষণাগারে স্বর্ণ তৈরি এবং চীনা রেনিয়াম পাউডার মিশিয়ে গহনার ওজন বাড়ানোর দাবি নিয়ে নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কৃত্রিম হীরার মতো ভবিষ্যতে কি কারখানায় সস্তায় স্বর্ণ তৈরি করে বাজারের জোগান বাড়িয়ে দেয়া সম্ভব, কিংবা ভেজাল ধাতু মিশিয়ে প্রচলিত মান যাচাই ব্যবস্থা ফাঁকি দেয়া হচ্ছে কি না।

বিজ্ঞান সাময়িকী, কেন্দ্রীয় ব্যাংকের ঐতিহাসিক নথি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এসব দাবির পেছনে কিছু বাস্তব প্রেক্ষাপট থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তথ্যগুলো অতিরঞ্জিত বা আংশিক।

আরও পড়ুন:

প্রাচীন আলকেমি থেকে আধুনিক বিজ্ঞান: চেষ্টা শুরু কবে?

স্বর্ণ তৈরির আকাঙ্ক্ষা নতুন নয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য অনুযায়ী, খ্রিষ্টীয় প্রথম থেকে চতুর্থ শতকের মধ্যে মিসরের আলেকজান্দ্রিয়ায় ক্রাইসোপোইয়া নামে আলকেমির চর্চা শুরু হয়, গ্রিক ভাষায় যার অর্থ স্বর্ণ তৈরি।

চতুর্থ শতকের গ্রিক-মিসরীয় আলকেমিস্ট জোসিমোস অব প্যানোপোলিসের লেখায় এর প্রাচীনতম নথি পাওয়া যায়। পরে ১০ম থেকে ১৫শ শতকে আরব, পারস্য ও ইউরোপের আলকেমিস্টরা পরশপাথর বা ফিলোসফার্স স্টোনের মাধ্যমে সিসা বা পারদের মতো সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তরের চেষ্টা চালান।

আধুনিক রসায়ন প্রতিষ্ঠিত হওয়ার পর প্রমাণিত হয়, সাধারণ রাসায়নিক প্রক্রিয়ায় কোনো মৌলিক পদার্থকে স্বর্ণে পরিণত করা সম্ভব নয়।

বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীরা বিদ্যুতের সাহায্যে এ চেষ্টা চালান। বিজ্ঞান সাময়িকী নেচার ও সায়েন্টিফিক আমেরিকানের ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯২৪ সালে জার্মানির বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাডলফ মিথে ও তার সহকর্মী হান্স স্ট্যামরাইখ দাবি করেন, পারদের বাষ্পবাতিতে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত করে তারা সামান্য স্বর্ণ পেয়েছেন।

প্রাচীন আলকেমির গবেষণাগারের প্রতীকী চিত্রকর্ম |ছবি: সংগৃহীত

একই সময়ে জাপানের টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী হান্তারো নাগাওকাও একই ধরনের পরীক্ষা করে স্বর্ণ পাওয়ার দাবি জানান। কিন্তু পরে সায়েন্টিফিক আমেরিকানের উদ্যোগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিসহ একাধিক গবেষণাগারে পরীক্ষাটি পুনরাবৃত্তি করা হলে প্রমাণিত হয়, ব্যবহৃত পারদে আগে থেকেই অতি সূক্ষ্ম মাত্রায় স্বর্ণের অশুদ্ধি মিশে ছিল। ফলে দুটি দাবিই ভুল প্রমাণিত হয়।

আরও পড়ুন:

গবেষণাগারে কি আসলেই স্বর্ণ তৈরি করা গেছে?

রাসায়নিক উপায়ে অসম্ভব হলেও পারমাণবিক পদার্থবিজ্ঞানের কল্যাণে গবেষণাগারে স্বর্ণের পরমাণু তৈরি করা সম্ভব হয়েছে। আমেরিকান ফিজিক্যাল সোসাইটির সাময়িকী ফিজিক্যাল রিভিউয়ের ১৯৪১ সালের সংখ্যায় প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী রুবি শের, কেনেথ বেইনব্রিজ ও হার্বার্ট অ্যান্ডারসন সাইক্লোট্রন ব্যবহার করে পারদের ওপর দ্রুতগতির নিউট্রন নিক্ষেপ করে প্রথমবারের মতো গবেষণাগারে স্বর্ণের পরমাণু তৈরি করেন। তবে উৎপাদিত সেই স্বর্ণ ছিল তেজস্ক্রিয় আইসোটোপ, যা কয়েক ঘণ্টার মধ্যে ক্ষয় হয়ে আবার পারদে পরিণত হয়।

এর প্রায় চার দশক পর স্থায়ী স্বর্ণের পরমাণু তৈরিতে সাফল্য আসে। যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির নথি ও ফিজিক্যাল রিভিউ সি সাময়িকীর তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে নোবেলজয়ী রসায়নবিদ গ্লেন সিবর্গ ও তার দল পার্টিকল এক্সিলারেটর ব্যবহার করে বিসমাথের পরমাণুর ওপর উচ্চগতির কার্বন ও নিয়ন নিউক্লিয়াস নিক্ষেপ করে কয়েক হাজার স্বর্ণের পরমাণু তৈরি করেন।

তবে সিবর্গ নিজেই জানিয়েছিলেন, এই প্রক্রিয়ায় মাত্র এক আউন্স স্বর্ণ তৈরি করতে এক কোয়াড্রিলিয়ন ডলারের বেশি খরচ হবে, যা অর্থনৈতিকভাবে পুরোপুরি অবাস্তব।

সাম্প্রতিক সময়ে ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা সার্নের নামও এ আলোচনায় উঠে এসেছে। সার্নের অফিশিয়াল প্রতিবেদন ও ফিজিক্যাল রিভিউ সি সাময়িকীতে প্রকাশিত অ্যালিস গবেষণা দলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে জানানো হয়, লার্জ হ্যাড্রন কোলাইডারে সিসার কণার সংঘর্ষে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৮ হাজার ৬০০ কোটি স্বর্ণের নিউক্লিয়াস তৈরি হয়েছে। তবে এর মোট ভর ছিল মাত্র ২৯ পিকোগ্রাম বা এক গ্রামের ২৯ ট্রিলিয়ন ভাগের এক ভাগ এবং সেগুলো এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই ভেঙে যায়।

এছাড়া সম্প্রতি ফিউশন প্রযুক্তি ও বিকল্প উপায়ে পারদ থেকে স্বর্ণ তৈরির নতুন কিছু উদ্যোগ ও পেটেন্টের খবর আলোচনায় এলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিয়ার-রিভিউড বিজ্ঞান সাময়িকীতে বাণিজ্যিক উৎপাদনের কোনো প্রমাণ এখনো প্রকাশ পায়নি।

আরও পড়ুন:

কৃত্রিম হীরার মতো কেন সস্তায় স্বর্ণ বানানো যায় না?

বিজ্ঞানীদের মতে, কৃত্রিম হীরার সঙ্গে গবেষণাগারের স্বর্ণের তুলনা করা সঠিক নয়। হীরা কার্বনের একটি বিশেষ রূপমাত্র, যা কারখানায় উচ্চ তাপ ও চাপ প্রয়োগ করে কম খরচে তৈরি করা যায়। কিন্তু স্বর্ণ একটি মৌলিক পদার্থ, যার পরমাণুর নিউক্লিয়াসে ৭৯টি প্রোটন থাকে। পারদের নিউক্লিয়াসে থাকে ৮০টি এবং সিসার নিউক্লিয়াসে ৮২টি প্রোটন।

অন্য কোনো ধাতু থেকে প্রোটন সরিয়ে স্বর্ণ তৈরি করতে পারমাণবিক রূপান্তর বা নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন প্রয়োজন হয়। এর জন্য যে বিপুল শক্তি, পারমাণবিক চুল্লি বা পার্টিকল এক্সিলারেটর লাগে, তার ব্যয় প্রাকৃতিক স্বর্ণের বাজারমূল্যের তুলনায় বহুগুণ বেশি।

চীনা রেনিয়াম পাউডার |ছবি: সংগৃহীত

চীনা রেনিয়াম পাউডার মিশিয়ে স্বর্ণে ওজন বাড়ানোর দাবি কতটা সত্য?

গবেষণাগারে স্বর্ণ তৈরির আলোচনার পাশাপাশি সম্প্রতি স্বর্ণের গহনায় রেনিয়াম নামের একটি ধাতব পাউডার মিশিয়ে ওজন বাড়ানোর অভিযোগ নিয়েও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের এক অনুসন্ধানী প্রতিবেদনে রাজস্থানের যোধপুরে চালানো পরীক্ষার মাধ্যমে বিষয়টি সামনে আসে। টাইমস অব ইন্ডিয়া ও মিন্টের প্রতিবেদন অনুযায়ী, রেনিয়াম একটি বিরল ও ভারী ধাতু, যার ঘনত্ব স্বর্ণের চেয়েও বেশি। এই উচ্চ ঘনত্বের কারণেই স্বর্ণের পরিমাণ কমিয়ে ওজন ঠিক রাখতে এটি ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে।

দৈনিক ভাস্কর ও গালফ নিউজের তথ্য অনুযায়ী, যোধপুরের ওই পরীক্ষায় ১ গ্রাম রেনিয়াম পাউডারের সঙ্গে ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ মেশানো হয়। পরে আরও খাদ মিশিয়ে ৯ দশমিক ৫৮ গ্রাম ওজনের একটি গহনা তৈরি করা হয়। এতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ছিল প্রায় ৮১ দশমিক ৭ শতাংশ বা আনুমানিক ২০ ক্যারেটের সমান।

তবু গহনাটি ২২ ক্যারেটের হলমার্ক পায় এবং কয়েকটি শোরুমের প্রচলিত এক্স-রে ফ্লুরোসেন্স বা এক্সআরএফ যন্ত্রেও তা ২২ ক্যারেট হিসেবেই শনাক্ত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, চীনের শেনজেন শহরের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে মুম্বাইয়ের এক ডিলারের মাধ্যমে এই পাউডার সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন:

প্রচলিত পরীক্ষায় ধরা পড়ে না বলে চক্রে এটি মিস্টার ইন্ডিয়া পাউডার নামে পরিচিত বলেও উল্লেখ করা হয়। তবে মিন্ট ও গালফ নিউজ জানিয়েছে, এই পাউডার চীন থেকে আসছে বা ২৫ শতাংশ পর্যন্ত মেশানো সম্ভব বলে যে দাবি করা হয়েছে, তা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

বিষয়টি নিয়ে ভারতের স্বর্ণ ও গহনা খাতের নিয়ন্ত্রক ও ব্যবসায়ীদের সংগঠনগুলোও প্রতিক্রিয়া জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতের জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি) এ বিষয়ে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে।

জিজেইপিসির কারিগরি বিশ্লেষণে বলা হয়েছে, রেনিয়ামের গলনাঙ্ক ৩ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। অন্যদিকে সাধারণত ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বর্ণের গহনা তৈরি হয়। ফলে এই তাপমাত্রায় রেনিয়াম গলে স্বর্ণের সঙ্গে মিশে যেতে পারে না। অন্যদিকে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ) ভেজাল ও ভুয়া মান যাচাইয়ের আশঙ্কা নিয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে ক্রেতাদের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্বর্ণ কেনার পরামর্শ দিয়েছে।

মিন্ট ও ইকোনমিক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, শোরুমের সাধারণ এক্সআরএফ যন্ত্র কেবল গহনার উপরিভাগ পরীক্ষা করে বলে ভেতরে লুকানো ধাতু অনেক সময় ধরা পড়ে না। তবে সঠিকভাবে ক্যালিব্রেট করা উন্নত এক্সআরএফ যন্ত্র বা বিআইএস নির্ধারিত ফায়ার অ্যাসে পরীক্ষার মাধ্যমে এই ভেজাল শনাক্ত করা সম্ভব।

সংশ্লিষ্ট সংস্থা ও বিশ্লেষকদের মতে, একটি একক অনুসন্ধানী পরীক্ষার ভিত্তিতে পুরো স্বর্ণের বাজারে রেনিয়াম ভেজাল ছড়িয়ে পড়েছে বা সব হলমার্কিং ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো সঠিক নয়।

আরও পড়ুন:

স্বর্ণের বাজারে রাষ্ট্রীয় হস্তক্ষেপের ইতিহাস কী বলে?

স্বর্ণের দাম নিয়ন্ত্রণে প্রভাবশালী গোষ্ঠী বা সরকারের ভূমিকা নিয়েও নানা আলোচনা চলে। ইতিহাসে বড় অর্থনৈতিক সংকট সামাল দিতে রাষ্ট্রীয় পর্যায়ে স্বর্ণের ওপর নিয়ন্ত্রণের একাধিক নজির রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস ও ফেডারেল রিজার্ভ হিস্ট্রির নথি অনুযায়ী, মহামন্দার সময় ব্যাংকিং খাতে তারল্য ফেরাতে ও মুদ্রা সরবরাহ বাড়াতে ১৯৩৩ সালের ৫ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এক্সিকিউটিভ অর্ডার ৬১০২ জারি করেন।

এতে সাধারণ নাগরিকদের ব্যক্তিগতভাবে বিপুল স্বর্ণমুদ্রা ও স্বর্ণবার মজুত নিষিদ্ধ করে নির্ধারিত মূল্যে তা ফেডারেল রিজার্ভে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর ১৯৩৪ সালের গোল্ড রিজার্ভ অ্যাক্টের মাধ্যমে স্বর্ণের সরকারি দাম আউন্সপ্রতি ২০ দশমিক ৬৭ ডলার থেকে বাড়িয়ে ৩৫ ডলার নির্ধারণ করা হয়।

পরবর্তী সময়ে আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখতেও স্বর্ণের দামে হস্তক্ষেপ করা হয়েছিল। ফেডারেল রিজার্ভ হিস্ট্রি ও ব্যাংক অব ইংল্যান্ডের ঐতিহাসিক নথি অনুযায়ী, ব্রেটন উডস মুদ্রাব্যবস্থার আওতায় ডলারের বিপরীতে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩৫ ডলারে ধরে রাখতে ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাতটি দেশের কেন্দ্রীয় ব্যাংক মিলে লন্ডন গোল্ড পুল গঠন করে। বাজারে দাম বাড়ার চাপ এলে তারা রিজার্ভ থেকে স্বর্ণ বিক্রি করত। তবে অতিরিক্ত চাহিদা ও মজুত কমে যাওয়ায় ১৯৬৮ সালে এই পুল ভেঙে যায়।

এর তিন বছর পর বৈশ্বিক মুদ্রাব্যবস্থায় বড় পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অফিস অব দ্য হিস্টোরিয়ানের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ১৫ আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আন্তর্জাতিক পর্যায়ে ডলারের বিনিময়ে স্বর্ণ রূপান্তর ব্যবস্থা স্থগিত করেন, যা ইতিহাসে নিক্সন শক নামে পরিচিত। এর মাধ্যমে গোল্ড স্ট্যান্ডার্ডের আনুষ্ঠানিক অবসান ঘটে। অর্থনীতিবিদদের মতে, এসব সিদ্ধান্ত মহামন্দা, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ও মুদ্রাস্ফীতি সামাল দেয়ার রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পদক্ষেপ ছিল।

কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনো স্বর্ণ কিনছে কেন?

গবেষণাগারে স্বর্ণ তৈরি বা ভেজালের গুঞ্জন যে বৈশ্বিক বাজারের মূল বাস্তবতা বদলাতে পারেনি, তার বড় প্রমাণ বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাম্প্রতিক অবস্থান। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের গোল্ড ডিমান্ড ট্রেন্ডস প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাপক হারে স্বর্ণ মজুত বাড়াচ্ছে।

সংস্থাটির হিসাবে, ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো ১ হাজার ৮২ টন, ২০২৩ সালে ১ হাজার ৩৭ টন এবং ২০২৪ সালে ১ হাজার ৪৫ টন স্বর্ণ কিনেছে। টানা তিন বছরেই বার্ষিক ক্রয়ের পরিমাণ এক হাজার টনের ওপরে ছিল এবং পরবর্তী সময়েও এই প্রবণতা অব্যাহত রয়েছে। পিপলস ব্যাংক অব চায়না ও ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বহুমুখী করতে ও ডলারের ওপর নির্ভরতা কমাতে চীনও গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কয়েক শ টন স্বর্ণ মজুত বাড়িয়েছে।

আরও পড়ুন:

তাহলে স্বর্ণের দাম ওঠানামা করে কেনো?

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ও বাজার বিশ্লেষকদের মতে, গবেষণাগারে স্বর্ণ তৈরির খবর বা ভেজালের গুজবের সঙ্গে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সরাসরি কোনো সম্পর্ক নেই। স্বল্পমেয়াদে স্বর্ণের দাম মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার, মার্কিন ডলারের বিনিময় হার, সরকারি বন্ডের আয় এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতার ওপর নির্ভর করে।

স্বর্ণ থেকে কোনো নিয়মিত সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার ও বন্ডের আয় বাড়ার সম্ভাবনা তৈরি হলে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে সুদভিত্তিক খাতে অর্থ সরিয়ে নেন, এতে বাজারে দরপতন ঘটে। অন্যদিকে দীর্ঘমেয়াদে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও আর্থিক নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝোঁকেন।

স্বর্ণে রেনিয়ামের ভেজাল খবর (Gold adulteration with Rhenium lab test news BD), গবেষণাগারে সোনা পরীক্ষা ও রেনিয়াম (Testing gold purity lab report Rhenium mixture), স্বর্ণের বাজারে ভেজালের সত্যি খবর (Is Rhenium gold mixture truth or rumor), সোনার বাজারে বর্তমান অস্থিরতার কারণ (Reasons behind Bangladesh gold market instability)

এএইচ