মধ্য ইরানে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ ভূপাতিতের দাবি তেহরানের

মার্কিন এফ-৩৫
বিদেশে এখন
0

ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি ধ্বংস হয়ে যাওয়ায় পাইলটের পরিণতি এখনো জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি এ নিয়ে দ্বিতীয়বার করলো ইরান। এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

এর আগে, গত ১৯ মার্চও যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। তবে সে দাবি প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন।

এছাড়া গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ইসরাইলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিমান হামলা শুরুর পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা চলছে। এতে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন।

জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরাইল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এতে হতাহত, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্নের কথাও বলা হয়েছে।

এএম