হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফক্স নিউজের তথ্যমতে, রাত সাড়ে ৮টার দিকে হোটেলের বলরুমের বাইরে মেটাল ডিটেক্টরের কাছে এক বন্দুকধারী অতর্কিত গুলি চালাতে শুরু করে। বন্দুকধারী নিরাপত্তা তল্লাশি এলাকা পার হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে বাধা দেন। এ সময় গুলি বিনিময়ের ঘটনায় একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হন; তবে তার ভেস্ট থাকায় তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
গুলি শোনার সাথে সাথে বলরুমে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অতিথিকে আত্মরক্ষার জন্য টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। সিক্রেট সার্ভিসের এজেন্টরা কয়েক সেকেন্ডের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডিকে মঞ্চ থেকে নিরাপদ হোল্ডিং এরিয়ায় সরিয়ে নেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটসহ ক্যাবিনেট সদস্যরাও নিরাপত্তার খাতিরে এলাকা ত্যাগ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চেয়েছিলেন অনুষ্ঠানটি চালিয়ে নিতে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শ অনুযায়ী তিনি তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে অনুষ্ঠানটি পুনরায় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
ওয়াশিংটন হিলটন হোটেলটি স্থানীয়দের কাছে ‘হিঙ্কলি হিলটন’ হিসেবে পরিচিত, কারণ ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে এখানেই গুলি করা হয়েছিল। ডিনার চলাকালীন এই এলাকাটি পুনরায় এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হলো। ঘটনার পরপরই ওয়াশিংটন হিলটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে প্রেসিডেন্ট এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।
এই বার্ষিক ডিনারে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্বনেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো ওয়াশিংটনে এখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যদিও হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে ঘটনার তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস ও মেট্রোপলিটন পুলিশ।





