মাত্র চার সেকেন্ডে ট্রাম্পের নৈশভোজে যেভাবে ঢুকে পড়েছিলেন বন্দুকধারী

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলা করার চেষ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ
বিদেশে এখন
1

মাত্র চার সেকেন্ডে নিরাপত্তাবলয় ভেঙে কীভাবে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে ঢোকার চেষ্টা করেছিলেন এক বন্দুকধারী, তার রোমহর্ষক ভিডিও প্রকাশ করেছেন মার্কিন কৌঁসুলিরা। ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতিতেই নিরাপত্তা বেষ্টনী চুরমার করে ভেতরে ঢুকে পড়ার এই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভিডিওতে দেখা যায়, হাতে একটি লম্বা ব্যারেলের অস্ত্র নিয়ে ওই বন্দুকধারী দ্রুতগতিতে দৌড়াচ্ছেন। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে হামলাকারী পাল্টা গুলি চালিয়েছিলেন কি না, তা ভিডিওতে স্পষ্ট নয়। গত শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে এই হামলার চেষ্টার পর কোল টমাস অ্যালেন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তবে ভিডিওতে তার পড়ে যাওয়া বা গ্রেপ্তারের মুহূর্তটি নেই।

৩১ বছর বয়সী অ্যালেনের বিরুদ্ধে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’ ডিনারে অংশ নেয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ভিডিওতে অ্যালেনকে হামলার আগের দিন সংশ্লিষ্ট এলাকা পর্যবেক্ষণ বা ‘রেকি’ করতেও দেখা গেছে।

অভিযোগ অনুযায়ী, হোটেলের বেজমেন্টের বলরুমে যখন মূল অনুষ্ঠান চলছিল, তার ঠিক ওপরের তলায় একটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি শটগান এবং তিনটি ছুরি নিয়ে দৌড়াচ্ছিলেন অ্যালেন। গুলির শব্দ শোনার পরপরই ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যদের দ্রুত অনুষ্ঠানস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনিন পিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই ভিডিওটি পোস্ট করেন। ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন নিরাপত্তা কর্মী একটি চেকপয়েন্টে দাঁড়িয়ে ছিলেন। এক ব্যক্তি লম্বা কোট পরে করিডোর দিয়ে হেঁটে একটি দরজার আড়ালে চলে যান। এর কিছুক্ষণ পর কোট ছাড়াই বেরিয়ে এসে একটি অস্ত্র হাতে মেটাল ডিটেক্টর টপকে দৌড় দেন তিনি। কৌঁসুলিদের দাবি, ওই কোটের নিচেই একটি ১২-গেজ শটগান লুকিয়ে রাখা হয়েছিল।

সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, এক কর্মকর্তা হামলাকারীর গুলির মুখে পড়লেও বুলেটপ্রুফ ভেস্ট থাকায় বড় ধরনের আঘাত পাননি। হামলাকারী ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ বা খুব কাছ থেকে গুলি চালিয়েছিলেন কি না, তা নিয়ে তদন্ত চলছে। সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান ফক্স নিউজকে বলেন, ‘আমাদের কর্মকর্তা বীরত্বের সঙ্গে পাল্টা গুলি ছুড়েছিলেন। পালিয়ে যাওয়ার সময় একটি যন্ত্রের সঙ্গে ধাক্কা খেয়ে হামলাকারী হাঁটুতে চোট পেয়ে পড়ে গেলে কর্মকর্তারা তাকে জাপটে ধরেন।’

অ্যালেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ছাড়াও সহিংস অপরাধে অস্ত্র ব্যবহারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এএম