যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ইসরাইলি হামলা, জাতিসংঘের নিন্দা

ইসরাইলি আক্রমণের পর বৈরুতের দাহিয়েহ জেলায় ত্রাণ কাজ ও ধ্বংসাবশেষ অপসারণ চলছে
বিদেশে এখন
0

আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে ১৯ দিনের মাথায় লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি আইডিএফের। যদিও হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলিরা।

হিজবুল্লাহর সঙ্গে গেল ১৭ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরাইল। প্রায় ১৯ দিন পর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে বুধবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এ হামলায় হিজবুল্লাহর বিশেষ ইউনিট রেদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। যদিও, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হিজবুল্লাহ।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ বৈরুতের ঘোবেইরি এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালালে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এত এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বুধবার আইতা আল-শাব ও রামিয়াহ এলাকায় ইসরাইলি তীব্র গোলাবর্ষণ করা হয় এবং একইসঙ্গে শহর দুটির উপকণ্ঠে ভারী মেশিনগানের গুলি চালানো হয়। এছাড়াও, জুয়াইয়ায় ইসরাইলিদের রাতভর হামলায় একজন আহত হন বলে জানা গেছে।

আরও পড়ুন:

গেল এপ্রিলে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে এ অঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্তিপূর্ণ ছিল। এরপর এই প্রথম লেবাননের রাজধানীর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শিয়া–অধ্যুষিত এই এলাকায় কোনো হামলা চালালো ইসরাইল। তেল আবিবের দাবি হিজবুল্লাহ ২ মার্চ থেকে ইসরাইলে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ১৭ ইসরাইলি সেনা এবং দু'জন বেসামরিক ইসরাইলি নাগরিক নিহত হন।

এদিকে বুধবার লেবাননের কর্মকর্তারা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসলাইলি হামলায় ১৬ জন নিহতের খবর জানান। একইদিনে লেবাননের বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, দক্ষিণ নাবাতিয়েহ, বেকা, সাইদা এবং পশ্চিম বেকা সহ লেবাননের শহরগুলোতে ইসরাইলের বিমান হামলা এবং বেসামরিক নাগরকদের সরিয়ে নেয়ার আদেশ নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। আমরা আবারও বলছি, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

লেবাননজুড়ে গত কয়েক মাসে ইসরাইলি হামলায় দেশটির ২ হাজার ৭০০ বেশি বেসামরিক নাগরিক নিহত হন। বৈরুতের দক্ষিণের গ্রামগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে, বিপুল সংখ্যক লেবানিজ পরিবার গৃহহীন হন। দেশটির বেসামরিক অবকাঠামোর ওপর ইসরাইলি বাহিনীর এসব হামলা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। জন্ম দেয় বড় মানবাধিকার উদ্বেগের।

ইএ