বাংলাদেশসহ তিন দেশের আবেদনকারীদের জন্য নাগরিকত্ব বিধিতে পরিবর্তন ভারতের

প্রতীকী ছবি
বিদেশে এখন
2

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনকারীদের পাসপোর্ট–সংক্রান্ত তথ্য জমা দেয়া বাধ্যতামূলক করেছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার, ১৮ মে) নাগরিকত্ব বিধিমালা, ২০০৯–এ সংশোধনী এনে এ–সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে জানাতে হবে তার কাছে নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে কি না। যদি বৈধ পাসপোর্ট থাকে, তাহলে আবেদনপত্রে পাসপোর্ট নম্বর, কোথা থেকে এবং কবে ইস্যু হয়েছে, মেয়াদ কত দিন পর্যন্ত—এসব তথ্য দিতে হবে।

এছাড়া নাগরিকত্বের আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের কর্মকর্তার কাছে পাসপোর্ট জমা দেয়ার ঘোষণাও দিতে হবে। বৈধ বা মেয়াদোত্তীর্ণ—উভয় ধরনের পাসপোর্টের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

ভারতের নাগরিকত্ব বিধিমালার তফসিল ‘আইসি’–এর পর এই নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।

২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার সুযোগ তৈরি হয়। সেই আইনের অধীন আবেদন প্রক্রিয়াতেই এবার নতুন শর্ত যুক্ত করলো নয়াদিল্লি।

এএম