গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উত্তর কুলাউড়ার বিজয়াবাজার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর এলাকার শফাওত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তানভীর মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কুলাউড়া শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে উত্তর কুলাউড়ার বিজয়াবাজার রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে সিলেট নিয়ে যাওয়ার পথে তানভীরের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মাছুম।
আরও পড়ুন:
এদিকে প্রাইভেট কার চালক রুহিন মিয়া গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে বিজয়াবাজার সংলগ্ন গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসার সামন থেকে প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে চালক রুহিন পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





