চীন ও রাশিয়ার হুমকি মোকাবিলায় ডুবো ড্রোন তৈরির ঘোষণা অকাসের

জন হিলি জানিয়েছেন এই প্রকল্পে ১৫ কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্য
বিদেশে এখন
0

নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ডুবো ড্রোন প্রযুক্তি তৈরির ঘোষণা দিলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা জোট অকাস। মনুষ্যবিহীন ডুবোযান তৈরিতে ২০১ মিলিয়ন ডলার দেবে যুক্তরাজ্য। সমুদ্রসীমায় চীন ও রাশিয়ার হুমকি মোকাবিলায় তিন দেশের জোটটি এই পথে এগুচ্ছে বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা জোট অকাস। সাগরে চীন এবং তাদের মিত্রদের আধিপত্য ঠেকানোর লক্ষ্যে ২০২১ সালে এর সূচনা। যাত্রার শুরুতেই মনোযোগ ছিলো পরমাণু শক্তি চালিত সাবমেরিন নির্মাণের। কিন্তু সেই প্রচেষ্টায় ধীরগতির অভিযোগে সমালোচনা মুখে পড়তে হয় জোটটিকে।

এ অবস্থায় এবার সিঙ্গাপুরে হওয়া নিরাপত্তা বিষয়ক সম্মেলন থেকে এলো আরও বড় ঘোষণা। তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রী জানান, সমুদ্রের তলদেশে থাকা কেবল রক্ষা করতে এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ডুবো ড্রোন প্রযুক্তি তৈরি করবে অকাস। আগামী বছরের মধ্যেই চালকবিহীন ডুবোযান প্রযুক্তি ইউইউভি তৈরি শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, আমরা সকলে মিলে অকাস-এর সিগনেচার প্রজেক্ট ঘোষণা করতে পেরে আনন্দিত। যা উন্নত মনুষ্যবিহীন ডুবোযান বা ইউইউভি মোতায়েনের উপর কেন্দ্র করে তৈরি। আমি এই দুই ভদ্রলোককে ধন্যবাদ জানাতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের পথে অবিচল রয়েছি। যা আমাদের তিন দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও প্রকল্পটির মোট ব্যয় উল্লেখ করা হয়নি। তবে এই খাতে ২০১ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, আমরা এখন পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছি। এই উদ্যোগ আমাদের বাহিনীকে শিগগিরিই সর্বাধুনিক যুদ্ধ প্রযুক্তি সরবরাহ করবে। কারণ আমরা সম্মিলিতভাবে সমুদ্রের নিচের ড্রোনের জন্য অত্যাধুনিক সেন্সর এবং অস্ত্র ব্যবস্থা তৈরি করছি। এটি হুমকি শনাক্ত, প্রতিরোধ এবং মোকাবেলা করতে সক্ষম হবে।

সমুদ্র তলদেশে রাশিয়া ও চীনের কার্যকলাপ মোকাবিলার উদ্দেশ্যে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে কি না এমন প্রশ্নের কোনো উত্তর দেননি। যদিও ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্য মোকাবিলার লক্ষ্যে ২০২১ সালে তিন দেশের কৌশলগত জোট অকাস গঠিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে মস্কোর হুমকি মোকাবিলার পথেও জোটটি এগুচ্ছে বলে মনে করছেন অনেকে।

ইএ