রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের দাবি—এখনও আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি

রবার্তো কার্লোস
বিদেশে এখন
1

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি করেছেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিন। তবে সাবেক এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নিজে কিংবা তার প্রতিনিধির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। খবর দ্য অবজারভার পোস্টের।

আলী শাহিনের দাবি, ব্রাজিলের সাঁও পাওলোতে দেশটির ইসলামিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইসলামিক জুরিস্টসের ভাইস প্রেসিডেন্ট ও ধর্মীয় উপদেষ্টা শেখ জিহাদ হামাদেহ তাকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আলী শাহিন দাবি করেন, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদ হামাদেহের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তার কাছে গিয়ে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস—এমনটাই তাকে জানানো হয়েছে বলে দাবি করেন তুর্কি এই সংসদ সদস্য।

তবে এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। রবার্তো কার্লোসের নিজের বক্তব্য বা তার আনুষ্ঠানিক প্রতিনিধির কোনো বিবৃতি প্রকাশ্যে না আসা পর্যন্ত বিষয়টিকে নিশ্চিত খবর হিসেবে দেখার সুযোগ নেই।

সাম্প্রতিক সময়ে রবার্তো কার্লোসকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনাও ঘটেছে। গত জুলাইয়ে তার ছবি ও কণ্ঠ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়লে, তিনি নিজেই সেটি অস্বীকার করেছিলেন।

এদিকে, গত মাসেও রবার্তো কার্লোসকে নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তিনি রোনালদো নাজারিওর সঙ্গে ব্রাজিলের ইন্টার দে লিমেইরা ক্লাবের বিনিয়োগ প্রকল্পে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে পরিচিত রবার্তো কার্লোস রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপও জিতেছেন তিনি। তুরস্কের ক্লাব ফেনারবাহচের হয়েও খেলেছেন এই সাবেক তারকা।

আপাতত রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি ‘দাবি’ হিসেবেই থাকছে। তার নিজের পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য না পাওয়া পর্যন্ত এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে উপস্থাপন করা যাচ্ছে না।

এনএইচ