দিন দিন কমছে ট্রাম্পের জনপ্রিয়তা: নেমে এসেছে ৩৩ শতাংশে

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

দিন দিন তলানিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। সম্প্রতি রয়টার্স/ইপসোস জরিপ বলছে, প্রেসিডেন্টের মেয়াদকালে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন স্তর ৩৩ শতাংশে নেমে এসেছে। হোয়াইট হাউজের কর্মকাণ্ডে ৬৪ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতা আরও দীর্ঘস্থায়ী হবে বলে মত দিয়েছে ৮০ শতাংশ মানুষ। এদিকে, ফিন্যান্সিয়াল টাইমসের এক জরিপ বলছে, ট্রাম্প ক্ষমতায় আসার পর বেশিরভাগ মার্কিন নাগরিক আর্থিকভাবে খারাপ অবস্থায় পড়েছেন।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর অনেকটা একঘরে হয়ে পড়েছিলেন তিনি। বেশ কয়েকটি ফৌজদারি মামলাও হয় তার বিরুদ্ধে।

সবকিছুকে উপেক্ষা করে বিপুল জনপ্রিয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই একের পর এক নিজের এজেন্ডা বাস্তবায়নে উঠে পড়ে লাগে তার প্রশাসন। অভিবাসী ও শুল্ক ইস্যুতে কঠোর অবস্থানের কারণে বেশ সমালোচনার মুখে পড়লেও দমে যাননি ট্রাম্প। সবশেষ ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে নিজ দেশ যুক্তরাষ্ট্রেই বিতর্কের মুখে পড়েন তিনি।

যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও দীর্ঘস্থায়ী যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও তা পূরণে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এর জেরেই দিন দিন কমছে তার জনপ্রিয়তা। চলতি সপ্তাহে রয়টার্স/ইপসোস-এর জরিপ অনুযায়ী, প্রেসিডেন্টের মেয়াদকালীন তার জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায় ৩৩ শতাংশে নেমে এসেছে।

চার দিনব্যাপী এই জরিপে অংশ নেয়া ৬৪ শতাংশ মার্কিন নাগরিক হোয়াইট হাউজে ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট। তাদের মতে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করতে পারেননি ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এই হার নভেম্বরে আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে রিপাবলিকানদের ওপর চাপ সৃষ্টি করছে।

ইরানের ওপর হামলার কারণে এ বছর ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা লেগেছে। রয়টার্স/ইপসোস-এর জরিপ বলছে, প্রতি পাঁচজনের একজন আমেরিকান ইরান যুদ্ধকে সার্থক মনে করেন। তবে ইরানের সঙ্গে এই যুদ্ধ দীর্ঘকাল ধরে চলবে বলে মত দিয়েছেন প্রায় ৮০ শতাংশ মার্কিন জনগণ। কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের অবসান দেখছেন মাত্র ১৬ শতাংশ নাগরিক।

এদিকে, ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে বলে মত দিয়েছে ৫৩ শতাংশ মার্কিন নাগরিক। মাত্র ২১ শতাংশ বলেছে যে তাদের অবস্থা আরও ভালো হয়েছে। তবে, বেশিরভাগ নাগরিকদের মতে মার্কিন অর্থনীতি ভুল পথে এগোচ্ছে।

বিভিন্ন জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের ভালো অর্থনীতির জন্য নাগরিকরা রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের ওপরই বেশি ভরসা রাখেন। জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রেও ডেমোক্র্যাটরাই প্রথম পছন্দ মার্কিনদের।

ইএ