ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ফের ভূমিকম্প, তীব্রতা ৫ দশমিক ৯

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ‘ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র’ (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্র কয়েক দিন আগে অঞ্চলটিতে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু মানুষের প্রাণহানি ঘটে।

গত ১৫ আগস্ট ফ্লোরেস দ্বীপের কাছে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা টেঙ্গারার এন্দে থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। অগভীর ওই ভূমিকম্পের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস হয় এবং বহু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের প্রভাবে সাগরে সর্বোচ্চ প্রায় ১ দশমিক ৬১ মিটার উচ্চতার ছোট সুনামি ঢেউ তৈরি হয়েছিল। তবে উপকূলীয় এলাকায় জারি করা সুনামি সতর্কতা পরে প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়া সরকারের তথ্য অনুযায়ী, ওই বিপর্যয়ে অন্তত ৭৩ জন নিহত ও ৯০০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মূল ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৩ হাজারের বেশি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে। একের পর এক কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি ভূমিধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকাগুলোয় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এএম