হুতিদের রুখতে পারবে না সৌদি আরব; হুঁশিয়ারি ইরানের রেভোল্যুশনারি গার্ডসের

বাব আল-মান্দেব প্রণালি
বিদেশে এখন
0

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে হামলা জোরদার করায় রিয়াদ তাদের দমাতে পারবে না বলে সতর্ক করেছে ইরানের সামরিক শাখা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর’ (আইআরজিসি)। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়

বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যম ‘দেফা প্রেস’-কে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ‘সৌদি আরব নিশ্চিতভাবেই ইয়েমেন ও আনসারুল্লাহকে (হুতিদের অফিশিয়াল নাম) দমাতে পারবে না এবং তাদের হামলা থেকেও নিরাপদ থাকতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোয় আমরা যা দেখেছি, সৌদি আরব যত বেশি হামলা চালাচ্ছে, জবাবে তারাও তত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এদিকে ইয়েমেনের এক মন্ত্রীর বরাতে সংবাদ সংস্থা ‘এএফপি’ জানিয়েছে, হুতি বিদ্রোহীরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব-এল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা দখলের ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথকে আরও বড় ধরনের হুমকির মুখে ফেলতে চায়।

ওই প্রণালির কাছে অবস্থানরত ইয়েমেনি সরকারি বাহিনীর একজন মুখপাত্র এবং হুতিদের তিনটি সামরিক সূত্র ‘এএফপি’-কে জানিয়েছে, বিদ্রোহীরা তাদের বর্তমান নিয়ন্ত্রিত এলাকা থেকে আরও দক্ষিণে অগ্রসর হয়ে অঞ্চলটি দখলে নেয়ার পরিকল্পনা করছে।

এএম