সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, কেপ নিউয়েনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। এটি আলাস্কার অ্যাঙ্কোরেজ শহর থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে।
আলাস্কান কমান্ডের কমান্ডার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যে জনগোষ্ঠীকে সেবা দিই, তাদের জন্য ধ্বংসাত্মক ক্ষতি।’ তিনি বলেন, উড়োজাহাজে থাকা ব্যক্তিরা ছিলেন ‘কঠিন পরিবেশে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নিবেদিতপ্রাণ পেশাজীবী’। তাদের পরিবার ও সহকর্মীদের পাশে দাঁড়ানোই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, রাডার সাইটটি পরিচালনা করে ‘প্যাসিফিক এয়ার ফোর্সেস’ রিজিওনাল সাপোর্ট সেন্টার। এটি আলাস্কার আকাশসীমা ও সীমান্তসংলগ্ন এলাকায় চলাচল করা উড়োজাহাজ শনাক্ত ও নজরদারির জন্য দূরবর্তী রাডার সাইটগুলোর একটি নেটওয়ার্কের অংশ। দুর্ঘটনার সময় আরোহীরা ঠিক কী কাজ করছিলেন, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত বলা হয়নি। উড়োজাহাজটিকে ‘বেসামরিক ঠিকাদারি উড়োজাহাজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, উড়োজাহাজটিতে ২ জন পাইলট ও ৬ জন যাত্রী ছিলেন। তিনি বলেন, উড়োজাহাজটি অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করে এবং কেপ নিউয়েনহ্যামে নামার সময় বৃহস্পতিবার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।





