এআইয়ের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা হতে পারে, জি-২০ অর্থমন্ত্রীদের সতর্ক করলেন অ্যান্ড্রু বেইলি

ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি
বিদেশে এখন
0

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে এবং আর্থিক ব্যবস্থায় বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। জি-২০ জোটের অর্থমন্ত্রীদের কাছে তিনি এ সতর্কতা দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

অ্যান্ড্রু বেইলি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রবৃদ্ধিতে বড় ধরনের ধস নামলে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বাজারের সংশোধনের কারণ হতে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীদের কাছে দেয়া এক খোলা চিঠিতে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের একসঙ্গে সাইবার হামলার শিকার হয়ে কার্যক্রমে বিঘ্ন ঘটার মতো পরিস্থিতির জন্য কোম্পানিগুলোকে প্রস্তুত থাকতে হবে।

চলতি মাসের শুরুতে গুগল, মাইক্রোসফট, অ্যানথ্রোপিক ও ওপেনএআই-সহ ১০০টি কোম্পানি দেশ ও বিভিন্ন গোষ্ঠীর প্রতি সাইবার প্রতিরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা এত শক্তিশালী হয়ে ওঠার আগেই এ প্রস্তুতি নেয়ার কথা বলেছিল তারা, যাতে তা নিরাপত্তাব্যবস্থাকে পাশ কাটাতে না পারে।

জি-২০ অর্থমন্ত্রীদের বেইলি বলেন, ‘শেয়ারবাজারে উচ্চ মূল্যায়ন, বিনিয়োগকারীদের বাড়তি ঋণ নেয়া এবং অল্পসংখ্যক বড় প্রযুক্তি কোম্পানিতে অর্থের ক্রমবর্ধমান কেন্দ্রীভবন ভবিষ্যতে বাজারে বড় ধরনের সংশোধনের প্রভাব বাড়িয়ে দিতে পারে।’

তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা বেশি ঋণ নিচ্ছেন, বিষয়টি শুধু তা নয়। ঋণের ওপর নির্ভরতা উচ্চ মূল্যায়ন ও বাজারের কেন্দ্রীভবনের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি ও বড় প্রযুক্তি অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে বাড়তে থাকা পারস্পরিক বিনিয়োগ ভবিষ্যতের বাজার সংশোধনের প্রভাব আরও বাড়াতে পারে।

আর্থিক নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বৈশ্বিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রকাশ ও ব্যবহারের জন্য উপযুক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বেইলি।

আন্তর্জাতিক আর্থিক নজরদারি সংস্থা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের চেয়ারম্যান হিসেবে লেখা ওই চিঠিতে বেইলি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে ধাক্কা থেকে তৈরি অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এ সতর্কতার মধ্যেই যুক্তরাজ্য সরকার দেশের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। বিদেশি সেবার ওপর নির্ভরতা কমাতে দেশটিতে নিজস্ব প্রযুক্তি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

ব্রিটিশ মন্ত্রীরা চান, অপেক্ষমাণ তালিকা কমানো, সাইবার নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার জন্য কোম্পানিগুলো অর্থ পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিক।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলো এমন মডেল তৈরি করছে, যা ব্যাংক ও আর্থিক কেন্দ্রগুলোর নিরাপত্তাব্যবস্থা সহজেই পাশ কাটাতে পারে বলে উদ্বেগ বাড়ছে।

চলতি গ্রীষ্মে ওপেনএআই, অ্যানথ্রোপিক ও মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সরঞ্জামের এমন কিছু সক্ষমতা প্রকাশ করেছে, যা করার কথা ছিল না। কিছু এআই এজেন্ট নিরাপত্তাব্যবস্থা পার হওয়ার জন্য বাস্তব মানুষের পরিচয়ও ব্যবহার করেছে।

অ্যান্ড্রু বেইলির নেতৃত্বাধীন ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ড একটি বৈশ্বিক আর্থিক নজরদারি সংস্থা। এটি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ব্যাংক ও সিকিউরিটিজ নিয়ন্ত্রকদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, চীন ও সৌদি আরবের কর্মকর্তারা এতে রয়েছেন।

এএম