এসব স্বর্ণ এখন ব্যাংক অব ইংল্যান্ডের হেফাজতে রয়েছে। ডিএনবি বলছে, সংকটকালীন পরিস্থিতিতে সেখান থেকে এই মূল্যবান ধাতু সহজে লেনদেন করা যাবে। ব্যাংকের প্রেসিডেন্ট ওলাফ স্লাইপেন বলেন, ‘আমাদের সহনশীলতা ও প্রস্তুতি জোরদার করতে এই পদক্ষেপ জরুরি ছিল।’
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্যবিরোধের মধ্যেই এই সিদ্ধান্ত এল। বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর দেশ দুটি একে অপরের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
ডিএনবি জানায়, গত মার্চ থেকে আগস্টের মধ্যে এই স্থানান্তর সম্পন্ন হয়। প্রথমে নিউ ইয়র্ক ও অটোয়া থেকে ২৭ টন স্বর্ণের বার নেদারল্যান্ডসের জাইস্ট শহরে আনা হয়। এরপর একই পরিমাণ ও মানের স্বর্ণ লন্ডনে পাঠানো হয়। এ জন্য বারগুলো গলানোর প্রয়োজন হয়নি। তবে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এত বিপুল পরিমাণ স্বর্ণ ঠিক কীভাবে পরিবহন করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
বাকি স্বর্ণ নিউ ইয়র্কে বিক্রি করে লন্ডনে আবার কিনে নেয়া হয়েছে। ব্যাংকের বিবৃতিতে বলা হয়, ‘কেনাবেচা ও সরাসরি পরিবহন, এই দুই প্রক্রিয়া একসঙ্গে চালানোয় এমন জটিল স্বর্ণ স্থানান্তরের ঝুঁকি ছড়িয়ে দিতে পেরেছে ডিএনবি।’
ভূরাজনৈতিক অস্থিরতা বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেনি ডিএনবি। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাণিজ্যে। অন্যদিকে ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ ও গাড়ির মতো গুরুত্বপূর্ণ খাতে মার্কিন শুল্কের কারণে বড় ধাক্কা খেয়েছে কানাডা। এর সঙ্গে গত আগস্টে প্রায় ২ হাজার ৮০০ কোটি কানাডীয় ডলার (২ হাজার কোটি মার্কিন ডলার) মূল্যের কানাডীয় পণ্যে বাড়তি ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
ডিএনবি জানায়, ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণকে বিশ্বের সবচেয়ে সহজে লেনদেনযোগ্য স্বর্ণ হিসেবে গণ্য করা হয়। ফলে যুক্তরাষ্ট্র বা কানাডায় থাকার চেয়ে সংকটের সময় সেখান থেকে তা দ্রুত কাজে লাগানো যাবে।
এই স্থানান্তরের আগে ডিএনবির মোট স্বর্ণের ৩১ দশমিক ৩ শতাংশ নিউ ইয়র্কে এবং ১৯ দশমিক ৭ শতাংশ অটোয়ায় ছিল। এখন দুই দেশেই তা নেমে এসেছে ১৮ দশমিক ৫ শতাংশে। অন্যদিকে লন্ডনে থাকা স্বর্ণের অংশ ১৮ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ১ শতাংশ হয়েছে। নেদারল্যান্ডসে রয়েছে মোট মজুতের ৩০ দশমিক ৮ শতাংশ। ২০২৫ সালের শেষে নেদারল্যান্ডসের মোট স্বর্ণের মজুত ছিল ৬১২ দশমিক ৪ টন, যার মূল্য ৭ হাজার ২২০ কোটি ইউরো বলে জানিয়েছে ডিএনবি।
—বিবিসির প্রতিবেদনে অবলম্বনে
-1-768x402.webp)




