কিয়েভে তিন দিনের হামলা স্থগিতের নির্দেশ পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
বিদেশে এখন
0

ইউক্রেন যুদ্ধ বন্ধে থমকে যাওয়া আলোচনা পুনরায় শুরু করতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মস্কো পৌঁছানোর পর ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পলিটিকোর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কূটনৈতিক আলোচনার আগে ইউক্রেনের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছিল। গত শনিবার ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘ইউক্রেনীয় পক্ষের পক্ষ থেকে এমন তথ্য এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ও সর্বাধিনায়ক পুতিন আজ রাত বারোটা থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।’

পেসকভ জানান, মার্কিন প্রতিনিধিদের কিয়েভ সফর ও আলোচনার প্রস্তুতির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রোববার কিয়েভে যাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে শনিবার তারা মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের শহরগুলোয় রাশিয়ার ড্রোন হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে রাশিয়াও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পালটা হামলা বাড়ায় কিয়েভ, যা আগস্টে নতুন রেকর্ড গড়ে।

যুদ্ধবিরতির নির্দেশের ঠিক আগেই ইউক্রেনজুড়ে রাশিয়ার রাতে চালানো হামলায় অন্তত ৫ জন নিহত ও ৬ জন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে চালানো ওই হামলা মূলত মার্কিন দূতদের কিয়েভে আসা বাধাগ্রস্ত করার চেষ্টা ছিল।

এএম