মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট পেতে প্রতিটি নাগরিককে ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে দেশের প্রাপ্তবয়স্ক প্রতিটি নাগরিককে পাঁচ হাজার মার্কিন ডলার করে ‘ট্রাম্প লভ্যাংশ’ বা ডিভিডেন্ড দেয়ার অভূতপূর্ব প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত রিপাবলিকান পার্টির দুই দিনব্যাপী প্রথম মধ্যবর্তী নির্বাচনি কনভেনশনের উদ্বোধনী দিনে প্রায় দুই ঘণ্টাব্যাপী টানা এক ভাষণ দেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে আইনসভার নিয়ন্ত্রণ ধরে রাখতে ভোট প্রার্থনা করে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, ব্যালট পেপারে আমার নাম রয়েছে ধরে নিয়েই আপনারা ভোট দেবেন।’

তবে ট্রাম্পের এই পাঁচ হাজার ডলারের নগদ অর্থ দেয়ার প্রস্তাবটি কীভাবে বা কোন আইনি প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিককে এই অর্থ দিতে গেলে সরকারের খরচ হবে অন্তত ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারেরও বেশি, যার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হতে পারে।

নির্বাচনের মাত্র দুই মাস বাকি থাকতে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে ছয় মাস ধরে চলা যুদ্ধের কারণে সুইং ভোটার বা দোদুল্যমান ভোট ব্যাংক ট্রাম্পের কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছে। সম্মেলনে বিরোধী ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করার পাশাপাশি ট্রাম্প তার ইরান যুদ্ধের সপক্ষে সাফাই গেয়ে বলেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এই হামলা চালানো হয়েছে এবং যুদ্ধে জয়ী হওয়ার পরপরই জ্বালানি তেলের দাম আবার কমে যাবে।

ইভেন্টের দ্বিতীয় দিনে বক্তব্য দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের পর নতুন মেয়াদের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ভ্যান্স কীভাবে দলকে নেতৃত্ব দেবেন, এ ভাষণকে তার প্রাথমিক মহড়া হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

এএম