রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগার থেকে উঠছে কালো ধোঁয়া
বিদেশে এখন
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দর এলাকার জ্বালানি ডিপোর দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। এ ঘটনার পর সেখানে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বিমান চলাচল।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কাছে হঠাৎ করেই আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ঘটনার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ফ্লাইট বিপর্যয় সূচকের সর্বোচ্চ মাত্রা ‘৫.০’-এ রাখা হয়েছে। এর অর্থ হলো সেখানে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং বহু ফ্লাইট হয় দীর্ঘ সময় বিলম্বিত হচ্ছে, না হয় বাতিল করা হচ্ছে।

প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বৃদ্ধির জের ধরে সৌদি কর্তৃপক্ষ দেশজুড়ে বিমান হামলার জরুরি সতর্কতা জারি করার পরপরই এ ঘটনা ঘটল। এর আগে হুতিরা সানার দিকে ড্রোন পাঠানোর অভিযোগ তুলে সৌদি আরবে পাল্টা হামলার হুমকি দিয়েছিল। তবে রিয়াদ বিমানবন্দরের আগুনের ঘটনার সঙ্গে ওই সতর্কতার কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

তুর্কিয়া টুডের প্রতিবেদন অবলম্বনে

এএম