নানা আকৃতি আর নকশার তিন হাজারের বেশি লণ্ঠন শোভা পাচ্ছে হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে- মিড-অটাম ল্যান্টার্ন কার্নিভ্যালে। উৎসবজুড়ে রঙিন আলোর ছটা। অন্যতম আকর্ষণ- নানজিংয়ের আট মিটার উঁচু গাছ আকৃতির লণ্ঠন।
বিশ্বের বিভিন্ন প্রান্তের লোককাহিনী যেন জড়ো হয়েছে এক জায়গায়। ভারত, থাইল্যান্ড, ফ্রান্স, ব্রাজিলসহ ২০টি দেশ ও অঞ্চলের ঐতিহ্য ধারণ করছে একেকটি লণ্ঠন। আয়োজক হংকং স্থানীয় খাবারের সংস্কৃতি তুলে ধরেছে ডিমের ওয়াফেল, নিজস্ব পদ্ধতিতে তৈরি দুধ চা, এগ টার্টের আদলে তৈরি আলোকোজ্জ্বল স্থাপনা দিয়ে।
চীনের, সাংহাইয়ে চলছে তৃতীয় ইন্টারন্যাশনাল লাইট ফেস্টিভ্যাল, যার বিস্তৃতি শহরজুড়ে। ১৭টি স্থানে দেড়শ'র বেশি আলোক-উৎসবের আয়োজন, ঝলমলে আলোতে রঙের মেলা তো আছেই, সাথে নাচ-গানের আবহ দর্শনার্থীদের দিচ্ছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।
ইয়াংঝৌ গ্রিন স্পেসে মূল আয়োজন। সুরের মূর্ছনা আর সাংহাই নগরীর কেন্দ্রে প্রথম বন্য আলোর ঝলকানি, যেন আলোতে ফুটে উঠছে কোনো গল্প। ড্রাগন গেট ফিশ ফরমেশন, বার্ডস বার্ডসং অ্যান্ড ফ্র্যাগরাস্ট ফ্লাওয়ার্স, ফ্যামিলি কম্প্যানিয়নশিপ- এমন নানা বাহারি নাম এসব গল্পের। নিজেদের কল্পনাশক্তি ব্যবহার করে দর্শনার্থীরাই হয়ে উঠবেন এসব গল্পের গল্পকার। মাসব্যাপী এ উৎসব চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
নগরীর আরেক প্রান্তে বসেছে পর্যটন উৎসবের ৩৭তম আসর। উদ্বোধনী প্যারেডে অংশ নেয় থিমভিত্তিক ২১টি ভাসমান আলোক প্রদর্শনী, সাথে পেরু-মেক্সিকো-স্পেন-থাইল্যান্ডসহ দেশ-বিদেশের সাংস্কৃতিক দলের পারফরম্যান্স।
৬ অক্টোবর পর্যন্ত চলবে সাংহাই ট্যুরিজম ফেস্টিভ্যাল। অনুষ্ঠানসূচিতে আছে পর্যটনকেন্দ্রিক ১৭০টির বেশি সাংস্কৃতিক আয়োজন। বিভিন্ন মিশেলিন আর ব্ল্যাক পার্ল রেস্তোরাঁর সহযোগিতায় সুস্বাদু সব খাবারের পসরাও উৎসবে দিয়েছে ভিন্ন মাত্রা।





