ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: তীব্র মেরুকরণের মধ্যে মুখোমুখি লুলা ও ফ্লাভিও বলসোনারো

সিনেটর ফ্লাভিও বলসোনারো ও প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
বিদেশে এখন
0

তীব্র রাজনৈতিক মেরুকরণ, একাধিক দুর্নীতির কেলেঙ্কারি এবং অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ (রোববার, ৩ অক্টোবর ) সকাল থেকে দেশজুড়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

এ নির্বাচনে বামপন্থি ক্ষমতাসীন প্রেসিডেন্ট ৮০ বছর বয়সী লুইস ইনাসিও লুলা দা সিলভা চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার লড়াইয়ে নেমেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ৪৫ বছর বয়সী সিনেটর ফ্লাভিও বলসোনারো।

নির্বাচনি নিয়মানুযায়ী, প্রথম ধাপের ভোটে কোনো প্রার্থী মোট বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় ধাপের (রানঅফ) ভোট হবে। সাম্প্রতিক জনমত জরিপগুলোয় দেখা গেছে, সম্ভাব্য রানঅফে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

নির্বাচনি প্রচারণায় উভয় প্রার্থীই বড় টেলিভিশন বিতর্কগুলো এড়িয়ে গেছেন। ফ্লাভিও বলসোনারো নির্বাচিত হলে তার বাবাকে সাধারণ ক্ষমা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানচেষ্টার অভিযোগে জইর বলসোনারো বর্তমানে ২৭ বছরের বেশি কারাদণ্ড ভোগ করছেন। অন্যদিকে লুলা এ নির্বাচনকে ‘গণতন্ত্র ও অস্বীকৃতিবাদের’ মধ্যকার লড়াই হিসেবে উল্লেখ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লাভিও বলসোনারোর ঘনিষ্ঠতা এ নির্বাচনে অন্যতম আলোচিত বিষয়। বলসোনারো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ব্রাজিলের ওপর মার্কিন শুল্ক আরোপ এবং নির্বাচনি প্রক্রিয়ায় ওয়াশিংটনের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন লুলা।

ভোটারদের জন্য জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং জননিরাপত্তা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি বাঙ্কো মাস্টারের আর্থিক জালিয়াতি কেলেঙ্কারি এবং প্রার্থীদের স্বজনদের বিরুদ্ধে তদন্তের বিষয়গুলোও প্রচারণায় উত্তাপ ছড়িয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি রোববার ভোটাররা দেশটির নিম্নকক্ষের সব ৫১৩টি আসন এবং সিনেটের দুই-তৃতীয়াংশ আসনেও প্রতিনিধি নির্বাচন করছেন।

এএম