হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ১২ ট্যাংকারে হামলা, যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ রেকর্ড

হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ
বিদেশে এখন
0

উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি বৃদ্ধির চেষ্টার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জ্বালানিবাহী ট্যাংকারে হামলার ঘটনা এক সপ্তাহের হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সামুদ্রিক ঘটনা পর্যবেক্ষণকারী নিরাপত্তা সূত্রের বরাতে দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) রোববার এক নোটে জানায়, প্রণালিটিতে ইরানের রেভল্যুশনারি গার্ডসের হামলা, হামলার চেষ্টা এবং ড্রোন ওড়ানো, নজরদারি ও ভিএইচএফ রেডিওর মাধ্যমে যোগাযোগের মতো হয়রানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

জেএমআইসি উল্লেখ করেছে, 'এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ নৌপথে ইরানের উপস্থিতি নিশ্চিত করা এবং চলাচলকারী জলযানগুলোর ওপর চাপ বজায় রাখার অব্যাহত ইচ্ছাকেই প্রকাশ করে।'

সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণকারী তিনটি সূত্রের দেয়া তথ্যমতে, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে হরমুজ প্রণালির আশপাশে অপরিশোধিত তেল, এলএনজি এবং এলপিজিবাহী জাহাজে অন্তত ১২টি হামলার ঘটনা ঘটেছে। সূত্রগুলো জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর একক কোনো সপ্তাহে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা।

এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) তথ্যে একই সপ্তাহে জাহাজ সংক্রান্ত ৯টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সংস্থাটি যেকোনো ঘটনা যাচাই ও আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করতে তুলনামূলক বেশি সময় নেয়। এর আগে আইএমওর তথ্যানুযায়ী, গত ১৩ জুলাইয়ের সপ্তাহে সর্বোচ্চ ৮টি এমন ঘটনা রেকর্ড করা হয়েছিল।

জাহাজ চলাচলের তথ্যে দেখা গেছে, উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলো সেপ্টেম্বর মাসের প্রায় অর্ধেক সময় যুদ্ধপূর্ব সময়ের চেয়েও বেশি পরিমাণ তেল রপ্তানি করেছে। তবে ট্যাংকারে উপর্যুপরি হামলা ও লজিস্টিক সংক্রান্ত জটিলতা দীর্ঘ মেয়াদে উচ্চমাত্রার তেল সরবরাহ বজায় রাখার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করছে।

এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় পানামার পতাকাবাহী তেল ট্যাংকার অন পিসে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটির ১২ জন ক্রু আহত হন।

এএম