ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে স্লোগান দেয়ায় সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাংকাকে ৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে আজ বিকেল ৫টায় সেন্ট্রাল পার্কে লেহরা দো তিরঙ্গা বা জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচির ডাক দেয় দলটি। এর পরিপ্রেক্ষিতে কনট প্লেস ও আশপাশের এলাকায় ২৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে জমায়েত থেকে দূরে থাকতে বলেছে পুলিশ। এছাড়া প্রশাসনিক কারণ দেখিয়ে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) সেন্ট্রাল পার্ক ১৬ ও ১৭ অক্টোবর বন্ধ ঘোষণা করেছে। তবে পার্ক বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দিয়েছেন।
সিজেপি নেতা অভিজিৎ দিপকে তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আজ রাতে বা কাল সকালে দিল্লি পুলিশ আমাকে তুলে নিয়ে যেতে পারে। এই দেশে জাতীয় পতাকা ওড়ানোর জন্য যদি জেলে যেতে হয়, তবে আমরা তার জন্য প্রস্তুত।’ তিনি আরও বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের কারণে নয়, বরং সরকার শহর অবরুদ্ধ করে রাখায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতি হচ্ছে। অন্যদিকে মুম্বাইয়ের আজাদ ময়দানেও কড়া নিরাপত্তার মধ্যে সিজেপির প্রতিবাদ শুরু হয়েছে।
সিজেপির এই কর্মসূচি নিয়ে কংগ্রেসকে দায়ী করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের মিত্ররা তরুণদের ব্যবহার করে বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চক্রান্ত করছে। সিজেপির এই প্রতিবাদ বাংলাদেশের ঘটনা থেকে অনুপ্রাণিত বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের অন্যান্য খবরের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যের জেরে শিবসেনা (ইউবিটি) এমপি সঞ্জয় রাউত ও সাংবাদিক নিখিল ওয়াগলেকে আদালত অবমাননার নোটিশ দেয়া হয়েছে। কেরালায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার ও ১০ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। জম্মু-কাশ্মীরের কিশতোয়ার জেলায় এক বিশেষ পুলিশ কর্মকর্তার মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশের বাহরাইচে স্ত্রীর প্রেমিককে হত্যার পর খালে ফেলে দেয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকের মহীশূরে একটি যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে ৪ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।
কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আগামী ১১ ও ১২ ডিসেম্বর কানাডা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া নয়াদিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে নারী সদস্যদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় এনএসইউআই ও যুব কংগ্রেসের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ।





