আঞ্চলিক সরকারের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনা কবলিত দ্রুতগতির ট্রেন দুটিতে ৫০০ জনের বেশি যাত্রী ভ্রমণ করছিলেন। মাদ্রিদ থেকে সেভিলগামী বেসরকারি সংস্থা ইরিওর একটি ট্রেন রেললাইনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাষ্ট্রায়ত্ত রেনফে কোম্পানির আরেকটি দ্রুতগতির ট্রেন সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অন্তত চারটি বগি লাইনচ্যুত হয়ে রেলপথের পাশের ঢালে উল্টে পড়ে। দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলোর গভীর পর্যন্ত পৌঁছানোর পর আরও মরদেহ উদ্ধার হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা সংকটাপন্ন।
বেঁচে ফেরা যাত্রীরা জানান, বিকট শব্দের সঙ্গে প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীরা আসনের ওপর থেকে মেঝেতে ছিটকে পড়েন। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ার পাশাপাশি বগির ভেতর ভেঙে যাওয়া স্যুটকেস ও ধ্বংসাবশেষের নিচে অনেকে চাপা পড়েন। ট্রেন থেকে বেরিয়ে আসার পর চারপাশে মরদেহ এবং রক্তাক্ত বহু মানুষকে কাতরাতে দেখা যায়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে হেলিকপ্টার, অগ্নিনির্বাপক ইউনিট এবং বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে আশপাশের শহরগুলোর হাসপাতালগুলোতে পূর্বনির্ধারিত সব সাধারণ অস্ত্রোপচার সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। মাদ্রিদ ও টোলেডোর রক্ত পরিসঞ্চালন কেন্দ্রগুলো থেকে জরুরি ভিত্তিতে রক্তদানের আবেদন জানানো হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রাজপরিবারের পক্ষ থেকেও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। জাতীয় এই শোকের মুখে আগামী ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য নির্ধারিত প্রচার কার্যক্রম স্থগিত করেছে দেশটির অধিকাংশ রাজনৈতিক দল। একই সঙ্গে নিহত ও আহতদের প্রতি সংহতি প্রকাশ করে স্পেনের কোপা দেল রে কাপের নির্ধারিত ২৪টি ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দুর্ঘটনার পর রাজধানী মাদ্রিদের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।




 and Yashar chief Gadi Eisenkot wave to supporters-320x167.webp)
