বৈধ ভিসা থাকার পরও ভারতে যেতে বাধা, অভিযোগ নরওয়ের সাংবাদিকের

ভারতে ভিসা বাতিলের অভিযোগ জানাচ্ছেন নরওয়ের সাংবাদিক হেলে লুং
বিদেশে এখন
0

বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভারত সফরে যেতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নরওয়ের এক সাংবাদিক। হেলে লুং নামের ওই সাংবাদিক জানিয়েছেন, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শেষ মুহূর্তে তার ভিসা বাতিল করা হয়েছে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হেলে লুং নরওয়ের অসলোভিত্তিক দৈনিক পত্রিকা দাগসাভিসেনে কর্মরত। ভারতের হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট’-এ গণমাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে একটি অধিবেশনে আলোচক হিসেবে তার বক্তব্য দেয়ার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুধবার দেয়া এক ভিডিও বার্তায় হেলে লুং বলেন, তার কাছে ভারতের বৈধ ভিসা ছিল এবং সম্মেলনে যোগ দিতে তার সকালে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপরের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস এই প্রক্রিয়ায় যথেষ্ট আন্তরিক ও সহযোগিতাপূর্ণ ছিল। কিন্তু বৈধ ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র থাকা সত্ত্বেও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার এই সফর আটকে দিয়েছে। এর আগে গত মে মাসে নরওয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন হেলে লুং। সেই ঘটনার জেরেই তাকে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এদিকে শেষ মুহূর্তে বিদেশি একজন সাংবাদিকের ভিসা বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া (ইজিআই)। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি এই সিদ্ধান্তের কারণ প্রকাশের দাবি জানিয়েছে এবং ভিসা বাতিলের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, তাদের হাতে আসা নথিপত্র অনুযায়ী হেলে লুংকে প্রথমে ভিসা দেয়া হয়েছিল, কিন্তু পরে তা বাতিল করা হয়। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এএম