শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সমর্থকদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের মুঠোফোন উঁচিয়ে ধরে এই অভিযোগ করেন রাহুল।
রাহুল গান্ধী বলেন, ‘প্রমাণ এই ফোনেই আছে এবং প্রধানমন্ত্রী তা জানেন, কারণ তিনি আমার ফোনে আড়িপাতেন।’ তবে সরাসরি সম্প্রচারিত ওই পর্বে আড়িপাতার অভিযোগের সপক্ষে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
কংগ্রেসের এই নেতা দাবি করেন, সরাসরি একটি বিতর্কের মাধ্যমেই বিষয়টি মীমাংসা হবে যে কারা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে চলে এবং কারা দেশবিরোধী। শুক্রবারের বক্তব্যের মাধ্যমে গত ১২ দিনের মধ্যে এ নিয়ে সপ্তমবারের মতো নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল। তিনি নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তার মতো ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনার দাবি জানিয়ে আসছেন।
এর আগেও বিভিন্ন সময় ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাগুলো তার নিজের এবং আরও অনেক রাজনীতিবিদের ফোনে আড়িপাতছে বলে দাবি করেছিলেন তিনি। ২০২৩ সালে রাহুল অভিযোগ করে বলেছিলেন, তার ফোনে পেগাসাস রয়েছে এবং গোয়েন্দা কর্মকর্তারা তাকে ফোনে কথা বলার সময় সতর্ক থাকতে বলেছিলেন। তবে ভারতের কেন্দ্রীয় সরকার সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
অন্যদিকে বিজেপির শীর্ষ নেতারা রাহুলের বিতর্কের আহ্বানকে বারবার নাকচ করে দিয়েছেন। তাদের অভিযোগ, রাহুল সংসদে গঠনমূলক আলোচনা এড়িয়ে চলেন। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর আগে প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য সংসদ কার্যকর থাকা সত্ত্বেও কেন রাহুল অন্য কোনো স্থানে বিতর্কের দাবি তুলছেন।
—এনটিভির প্রতিবেদনে অবলম্বনে




