গত আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার উদ্বেগ থেকে চীনের তৈরি নতুন মডেলের অপটিক্যাল ট্রান্সসিভার যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করার চেষ্টা করছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। এই যন্ত্রের মাধ্যমে ডেটা সেন্টারের ভেতর ফাইবার-অপটিক কেবলের মধ্য দিয়ে আলোর গতিতে তথ্য আদান-প্রদান করা হয়।
তবে সরকারি এই পদক্ষেপের বিরুদ্ধে প্রযুক্তি খাতের বিরোধিতা আগে যতটা ধারণা করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি। চলতি বছরের শুরুর দিকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মাইক্রোসফটের সঙ্গে যোগ দেয় অ্যামাজন, গুগল, মেটা, কোরউইভ এবং সিসকো। ওই বৈঠকের বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা সরকারি কর্মকর্তাদের বলেছেন, এমন কোনো বাধ্যবাধকতা জারি করা হলে তা মেনে চলার সক্ষমতা অর্জন করতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর এক দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে।
বড় প্রতিষ্ঠানগুলোর এই তদবিরের কারণে নিষেধাজ্ঞার উদ্যোগটি আদৌ কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু আলোচনা গোপনীয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট আরও তিনটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞার প্রক্রিয়াটি এগিয়ে চলেছে। চীনের এক সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর চীনা প্রযুক্তির হুমকি মোকাবিলায় ওয়াশিংটনে কঠোর অবস্থান নেয়ার দাবি নতুন করে জোরালো হয়েছে। ঠিক এমন প্রেক্ষাপটেই এই পদক্ষেপের গতি বাড়ল।
ওয়াশিংটনের চীনবিরোধী কঠোর নীতিনির্ধারকদের আশঙ্কা, মার্কিন ডেটা সেন্টারগুলো থেকে তথ্য চুরি করতে, ম্যালওয়্যার বসাতে কিংবা সেবায় বিঘ্ন ঘটাতে চীনা ট্রান্সসিভারগুলো ব্যবহার করতে পারে বেইজিং।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও এফসিসি, অ্যামাজন, গুগল, মেটা, কোরউইভ এবং সিসকো কোনো সাড়া দেয়নি। আর মাইক্রোসফট মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তদবির বা নিষেধাজ্ঞার অগ্রগতির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, চীনা প্রযুক্তি ও অন্যান্য বিদেশি সরঞ্জাম নিষিদ্ধ করে এফসিসির নেয়া সাম্প্রতিক পদক্ষেপগুলোর ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে শত শত কোটি ডলারের বিনিয়োগ এসেছে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, অপটিক্যাল ট্রান্সসিভারের বৈশ্বিক বাজারের দুই-তৃতীয়াংশই চীনের দখলে। ইঅপটোলিংক এবং ঝংজি ইনোলাইটের মতো চীনা প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আধিপত্য বিস্তার করে আছে। এর মধ্যে ঝংজি ইনোলাইটকে চীনা সামরিক বাহিনীর মদদপুষ্ট প্রতিষ্ঠানের তালিকাভুক্ত করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের শীর্ষ ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোও এসব চীনা কোম্পানির গ্রাহক।
ফাউন্ডেশন ফর আমেরিকান ইনোভেশনের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক কোহেরেন্ট এবং লুমেন্টাম নামের দুটি প্রতিষ্ঠান সমমানের প্রযুক্তি তৈরি করলেও চীনা সরবরাহকারীদের বিকল্প হওয়ার মতো বিশাল উৎপাদন সক্ষমতা তাদের নেই। সূত্রগুলোর একটি জানিয়েছে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চীনের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থার আশঙ্কার কথাও তুলে ধরেছে। তাদের শঙ্কা, চীন প্রতিশোধ হিসেবে ইন্ডিয়াম ফসফাইড রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে পারে। মার্কিন প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অপটিক্যাল ট্রান্সসিভার তৈরির জন্য এই খনিজটি অপরিহার্য।
প্রযুক্তি পণ্য উৎপাদনের মূল উপাদান বিরল খনিজ রপ্তানিতে বেইজিংয়ের নিয়ন্ত্রণের মুখে নিজের দ্বিতীয় মেয়াদে চীনের প্রতি তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা রাখছে এফসিসি। সংস্থাটি গত এক বছরে চীনের তৈরি নতুন মডেলের ড্রোন, রোবট, পাওয়ার ইনভার্টার এবং রাউটার আমদানিতে সফলভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া জেনসেন হুয়াংয়ের কেলেঙ্কারির ঘটনা সামনে আসায় চীনে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ চোরাচালানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে, যা নিয়ে মার্কিন বাণিজ্য দপ্তর এত দিন কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে ট্রাম্প প্রশাসনের ওপর এখন কঠোর ব্যবস্থা নেয়ার চাপ আরও বেড়েছে।





