পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনার আগরপাড়ায় ‘আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন’র দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। পূজার শুভেচ্ছাবার্তার পাশাপাশি উৎসবের দিনগুলোতে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠবেন আর তার সিনেমার ব্লকবাস্টার সংলাপ শোনাবেন না, তা কী হয়। উপস্থিত দর্শকদের জোরদার দাবির মুখে একের পর এক চেনা ডায়লগ শুনিয়ে মঞ্চ কাঁপান এই মেগাস্টার।
কণ্ঠ গম্ভীর করে তিনি যখন বলেন, ‘নাম তুফান, বছরে একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন ওপরওয়ালাও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়’। এরপরই তার বিখ্যাত সেই ডায়লগ, ‘আমি জলঢোঁড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।’
আরও পড়ুন: ‘তেরঙ্গা উড়ানো যে অপরাধ নয়, তা দেখিয়ে দেব’—অভিজিৎ দীপকে
সংলাপের পাশাপাশি এক বৃদ্ধা ভক্তের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে রসিকতা করেন মিঠুন। তিনি জানান, কিছুদিন আগে এক প্রবীণ নারী এসে তার পা ছুঁয়ে প্রণাম করেন। কারণ জানতে চাইলে ওই নারী নাকি জানান যে, তিনি নাকি বয়সে মিঠুনের চেয়ে ছোট।
ঘটনাটি মনে করিয়ে দিয়ে হেসে মিঠুন বলেন, ‘এর কোনো যুক্তি আছে? আমার বয়স তো মোটে ২৭ বছর। আসলে শরীরের বয়স বাড়ে ঠিকই, কিন্তু মনের দিক থেকে আমি এখনো ২৭। বিশ্বাস না হলে দেখুন, আমার চুলও এখনো পাকেনি।’
একসময় বাংলা ও হিন্দি চলচ্চিত্রে একচ্ছত্র রাজত্ব করা মিঠুন চক্রবর্তী বর্তমানে রাজনীতিতেও সমান সক্রিয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারক হিসেবে মাঠ কাঁপানোর পাশাপাশি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।





