দৌলতদিয়ায় নিহত প্রতি পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

লিগ্যাল নোটিশ
দেশে এখন
আইন ও আদালত
2

দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের এই নোটিশ পাঠিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু এবং নৌ পরিবহন মন্ত্রী; নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ‘উক্ত ঘটনা প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হলেও, এটি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ এবং দায়িত্বরত ব্যক্তিদের অবহেলা, গাফিলতি ও দায়িত্বে অবজ্ঞার ফল কিনা তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিরূপণ করা অত্যন্ত জরুরি।’

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ‘বাস নদীতে পড়ে যাবার এই মর্মান্তিক ঘটনায় আহত প্রত্যেক ব্যক্তির চিকিৎসার জন্য সুব্যবস্থা নেয়া রাষ্ট্রের দায়িত্ব। সরকারকে প্রতিজন আহত ব্যক্তির সুচিকিৎসার দায়িত্ব এবং আহত প্রতিজন কর্মক্ষম ব্যক্তির ক্ষতিপূরণের দায়িত্ব নিতে হবে। এই ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ ব্যাপারে আগামী সাত কর্ম-দিবসের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য আহ্বান জানানো হয়েছে। এর অন্যথায় হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।’

আরও পড়ুন:

নোটিশে আরও বলা হয়েছে, ‘উপর্যুক্ত ঘটনার প্রেক্ষিতে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা এবং আহতদের জন্য উপযুক্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য আপনাদের নিকট জোর দাবি জানানো হচ্ছে। একই সাথে, ঘটনার কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন-পূর্বক আগামী ৭ কর্ম-দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।’

লিগ্যাল নোটিশ সম্পর্কে জানতে চাইলে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ বলেন, ‘জনস্বার্থে এই নোটিশটি প্রেরণ করা হয়েছে। সময় স্বল্পতার জন্য আমরা আজকালের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে পারছি না। তাই ই-মেইলে আগেই পাঠিয়ে দিয়েছি। সামনে যেদিন কর্ম-দিবস পাওয়া যাবে যত দ্রুত সম্ভব আমরা ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ প্রাপকদের কাছে পাঠিয়ে দেবো।’

ইএ