সিলেটের বাজারে যেন সবজির দামে আগুন। টমেটো, শসা ও গাজর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায়। অন্যান্য সবজির দামও বাড়তি। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন ক্রেতারা।
ক্রেতারা জানান, সবজির দাম ক্রেতাদের হাতের নাগালের বাহিরে। বাজারে পর্যাপ্ত সবজির সরবারহ থাকার পরও কোনোভাবেই দাম কমছে না।
একই চিত্র সুনামগঞ্জেও। গত ১৫ দিনে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।সরবরাহ সংকট এবং বাড়তি পরিবহন খরচকে দুষছেন বিক্রেতারা।
আরও পড়ুন:
তবে রাজশাহীতে চিত্র একেবারেই উল্টো। বাজারে সরবরাহ বাড়ায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। ৩০ টাকা থেকে আলু নেমেছে ২২ টাকায়। ২৬০ টাকা কেজির কাঁচামরিচ এখন ৬০ থেকে ৭০ টাকা। বেগুন ৫০, শসা ৩০ এবং ঢেঁড়স-পটল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে।
রাজশাহীর একটি বাজারের বিক্রেতারা জানান, বাজারে সব প্রকার সবজির দাম কমেছে। মরিচের দাম ৪০ টাকা।
এদিকে চট্টগ্রামে মাছের বাজারেও স্বস্তি নেই। কোরাল ৫০০ থেকে ৮০০, লইট্টা ২৫০ থেকে ৩০০ এবং সামুদ্রিক চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি। দেড় কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা কেজি দরে। দুই সপ্তাহে ডিমের দামও বেড়েছে ডজনে সর্বোচ্চ ৩০ টাকা।
অন্যদিকে, শরীয়তপুরে স্বাভাবিক রয়েছে মাছের সরবরাহ, তবে সংকট নদীর মাছের। ফলে চাষের মাছের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা।অন্যদিকে, সাগরের ইলিশ বিক্রি হচ্ছে আকারভেদে কেজিপ্রতি ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
সব মিলিয়ে, কোথাও সরবরাহ সংকট, কোথাও বাড়তি সরবরাহ বাজার নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির দাবি ক্রেতাদের।





