টেলিভিশন চ্যানেলে চাকরি পরিবর্তনে অনাপত্তিপত্র বাধ্যতামূলক করলো ‘অ্যাটকো’

প্রতীকী ছবি
গণমাধ্যম ও সাংবাদিকতা
0

টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। এখন থেকে কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেয়ার পর, যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) বা ছাড়পত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আজ (রোববার, ১৭ মে) অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অন্য কোনো টেলিভিশন চ্যানেলে যোগদানের পূর্বে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র নেয়া বাধ্যতামূলক।

টেলিভিশন মালিকদের এ সংগঠনটি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে:

১. নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে অবশ্যই বর্তমান কোম্পানি বা চ্যানেল থেকে অনাপত্তিপত্র অথবা ছাড়পত্র গ্রহণ করতে হবে।

২. অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে, উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

জরুরি বিজ্ঞপ্তিতে অ্যাটকোর সকল সদস্য চ্যানেলকে এ নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এনএইচ