এভিয়েশন ফুয়েলের দাম সমন্বয়; অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার ১১২.৪১ টাকা

বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান
দেশে এখন
0

মার্চ মাসের জন্য জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর নতুন মূল্যহার নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (রোববার, ৮ মার্চ) কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্য প্রতি লিটার ১১২.৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ০.৭৩৮৪ মার্কিন ডলার।

বিইআরসি জানিয়েছে, ৮ মার্চ রাত ১২টা থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

আরও পড়ুন:

কমিশনের তথ্য অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ের মধ্যে প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের প্রভাব বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১৩ মে বিইআরসি আদেশ নম্বর ২০২৫/০৮ এর মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ এর মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসভিত্তিতে জ্বালানির মূল্য সমন্বয় করা হচ্ছে।

বিইআরসি আরও জানিয়েছে, জেট এ-১ এর মূল্য পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ আদেশও সেখানে প্রকাশ করা হবে।

এসএস