মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাস
দেশে এখন
0

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ (শুক্রবার, ১৩ মার্চ) রাতে বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে, আজ বিকেল ৩টায় মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার শুরু হয়, যা সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয় বলে জানায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরও পড়ুন:

তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুরে স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এছাড়া তাকে দেখতে হাসপাতালে আরও যান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এসএইচ