সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য রোধে নেয়া হচ্ছে প্রকল্প: ডা. জাহেদ

সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন
দেশে এখন
0

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার রোধে একটি প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান। আজ (বুধবার, ২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, ‌‘আমি সামাজিক মাধ্যমের একটি নতুন ফেনোমেননের কথা বলি, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। আমি বিশ্বাস করি, আপনারা এটার সঙ্গে একমত হবেন। প্রতিষ্ঠিত কোনো নিউজ মিডিয়ার মতো লোগো তৈরি করে, দূর থেকে দেখতে ওই মিডিয়ার লোগোর মতো মনে হয়—এমন ভিন্ন নামে কিছু নিউজ দেয়া হয়, যা এক ধরনের স্যাটায়ার।’

তিনি বলেন, ‘এটা মারাত্মকভাবে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। আপনারা খেয়াল করেছেন বলে আশা করি। সুতরাং আমি মনে করি, আপনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে পারব এবং আপনারা আমাদের সঙ্গে একমত হবেন। কেউ স্যাটায়ার করতেই পারে, কিন্তু সেই স্যাটায়ারের লুক কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার মতো হওয়া উচিত নয়। আমার কাছে এটি একটি অপরাধ বলে মনে হয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করতে চাই এবং খুব দ্রুত এটাকে একটি কাঠামোর মধ্যে আনবো।’

তিনি আরও বলেন, ‘আমি অনেককে দেখেছি এগুলোকে রেফার করে কথা বলছেন, শেয়ার করছেন—এমনকি সচেতন মানুষও। আসলে ডিসইনফরমেশন মোকাবিলার জন্য কয়েকটি কাজ রয়েছে—ডিসইনফরমেশন শনাক্ত করা, সেটিকে ডিবাঙ্ক করা এবং তা প্রচার করা।’

আরও পড়ুন:

উপদেষ্টা বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য একটি প্রকল্প তৈরি করেছি। প্রকল্পটির নাম ‘‘নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ’’। এই প্রকল্পের মাধ্যমে আমরা তথ্যগুলো প্রচারও করবো।’

জাহেদ উর রহমান আরও বলেন, ‘আমরা একটি নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশন মোকাবিলা করতে চাই। মোকাবিলা বলতে মানুষকে সচেতন করা যেমন রয়েছে, তেমনি এটি বোঝানোও প্রয়োজন যে এটি অন্যায় এবং একটি অপরাধ।’

এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

এসএইচ