মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যুতে হাইকমিশনের শোক

নিহত মালয়েশিয়া প্রবাসী অরুণ
দেশে এখন
1

মালয়েশিয়া প্রবাসী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের বাসিন্দা অরুণ (৪৪) আজ (সোমবার, ১৩ এপ্রিল) আনুমানিক দুপুর দেড়টায় বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় ইন্তেকাল করেন। পরে এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুতে শোক জানায় হাইকমিশন।

হাইকমিশন জানায়, আজ সকাল আনুমানিক ১১টায় তিনি তার স্ত্রী মোসাম্মাৎ শাহানাজ শরীফসহ ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য হাইকমিশনে উপস্থিত হন। অসুস্থ থাকায় মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে তার ট্রাভেল পারমিট ইস্যুর প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তীতে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুলেন্সে উপস্থিত প্যারামেডিক নার্স তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

আরও জানানো হয়, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ান পুলিশকে অবহিত করা হলে পুলিশ প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি তার মাইল্ড স্ট্রোক হয়েছিল এবং তিনি উচ্চ মাত্রার ডায়াবেটিসে ভুগছিলেন।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। এছাড়া মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানায় হাইকমিশন।

এসএইচ