বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
দেশে এখন
0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন। গতকাল (শনিবার, ২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ ও বিমানের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী এই নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম,

এছাড়াও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।

এদিকে আজ (রোববার, ২৬ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকাতে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমানের সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবা উন্নয়ন, বহর সম্প্রসারণ, নিরাপত্তা মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দল হিসেবে এ পরিচালনা পর্ষদের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি স্বনির্ভর, আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে সবার প্রত্যাশা।

এএইচ