রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে বস্তিটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৫টি সহ মোট ৭টি ইউনিট যুক্ত হয়। তবে সেখানে পানির সংকট রয়েছে বলেও জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বস্তি এলাকায় আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।