প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালি আলোচনা

ড. এ কে এম শামছুল ইসলাম ও ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো
দেশে এখন
0

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। আজ (বুধবার, ৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইতালির দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর গুরুত্ব দেয়া হয়।

সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির সম্ভাব্য সহায়তা নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ও ইতালির অবদান এবং ভবিষ্যতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। অন্যদিকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এএইচ