টানা বৃষ্টিতে জবিতে বাসের ওপর উপড়ে পড়লো কৃষ্ণচূড়া গাছ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
দেশে এখন
2

টানা বৃষ্টির জেরে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি যাত্রীবাহী বাসের ওপর বিশাল এক কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়েছে। এতে বাসটির মাঝামাঝি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ (রোববার, ১২ জুলাই) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বাসটি মিরপুর রুটে চলাচল করে। এটি দিয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আনা-নেয়া করা হয়। আজ সকাল ৮টার দিকে বাসটি মিরপুর থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্যাম্পাসে আসে। সবাইকে নামিয়ে দেয়ার পর চালক বাসটি শহিদ মিনারের পাশে পার্কিং করে রাখেন। এর কিছুক্ষণ পরই পাশের পুরোনো কৃষ্ণচূড়া গাছটি হঠাৎ উপড়ে বাসের ওপর আছড়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাসের ওপর গাছ ভেঙে পড়েছে |ছবি : সংগৃহীত

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ঘটনার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না এবং আশপাশেও কোনো শিক্ষার্থী ছিল না। ফলে এক বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে সবাই। তবে গাছের ভারী ডালপালার আঘাতে বাসটির মাঝখানের অংশ দুমড়েমুচড়ে গেছে।

গতকাল (শনিবার) মধ্যরাত থেকে রাজধানীজুড়ে শুরু হওয়া অবিরাম বর্ষণ ও আজ সকালের মুষলধারে বৃষ্টির কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক তারেক বিন আতিক। তিনি বলেন, ‘গাছটি বেশ পুরোনো ছিল। টানা বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে এর শিকড় নরম হয়ে গিয়েছিল। যার ফলে এটি বাসের ওপর ভেঙে পড়ে। বাসটি দ্রুত উদ্ধার ও মেরামতের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরও পড়ুন:

দুপুর ১২টার দিকে সূত্রাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছান। এরপর তারা করাত দিয়ে গাছটি কেটে ছোট ছোট টুকরো করে বাসের ওপর থেকে সরানোর কাজ শুরু করেন। পরিবহন দপ্তর জানিয়েছে, গাছ সরানো শেষ হলে বাসটি মেরামতের জন্য দ্রুত সার্ভিস সেন্টারে পাঠানো হবে।

এদিকে, এ ঘটনার পর ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আলী উল আজিম বলেন, ‘আজ ভাগ্য ভালো ছিল যে বাসে কেউ ছিল না। কিন্তু ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাস প্রশাসনের উচিত দ্রুত একটি জরিপ করে ঝুঁকিপূর্ণ ও মৃতপ্রায় গাছগুলো শনাক্ত করা এবং সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।’

এনএইচ