হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধার আশ্বাস প্রতিমন্ত্রীর

সম্মেলন অনুষ্ঠিত
দেশে এখন
0

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পাশাপাশি হাজিদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালন নিশ্চিত করতে কাজ করছে। গত বছর হজের টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা দেয়ার বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

আরও পড়ুন:

তিনি হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, ‘বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেন। তাই এজেন্সিগুলোকে এমন কোনো কাজ না করার আহ্বান জানান, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

এসময় বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ এবং হজপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

এফএস