বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রস্তুতিমূলক সভা
দেশে এখন
0

আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার, ২৪ আগস্ট) বিকেলে ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভায় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আয়োজক কমিটি, ঢাকা ওয়াসা, ইলেক্ট্রো-মেকানিক্যাল প্রকৌশলী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত আয়োজনের অভিজ্ঞতা পর্যালোচনা করে এবারের মেগা ইভেন্টকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও উৎসবমুখর করতে অবকাঠামো, নিরাপত্তা এবং দর্শক ব্যবস্থাপনায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও জানানো হয়, গতবারের তুলনায় পরিধি বাড়িয়ে এবার ভবনের ৩টি ফ্লোর এবং পেছনের মাঠসহ বিস্তৃত প্রাঙ্গণে ইভেন্টটি আয়োজিত হবে। প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখবেন। তাই প্রতিটি ফ্লোর পরিচ্ছন্নতা ও ফিটিং নিশ্চিত করতে গণপূর্ত বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে যেন সরবরাহ করা হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগ (পিডিবি) ও প্রকৌশলী দলকে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সভায় জানানো হয় তিন দিনব্যাপী এই ইভেন্টে মূল অডিটোরিয়াম ও রাউন্ড টেবিলে প্রায় ১৫টি পলিসি ডায়ালগ ও সেশন অনুষ্ঠিত হবে। যেখানে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শীর্ষস্থানীয় নীতি-নির্ধারকরা অংশগ্রহণ করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজনটির বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।

দেশের শীর্ষ অর্থনীতিবিদ, বিজিএমইএ, বিকেএমইএ ও বিভিন্ন চেম্বার সভাপতি-সহ তপন চৌধুরীর মতো জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে চূড়ান্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

এছাড়া বিকাশ, বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের প্রতিনিধিসহ দেশি-বিদেশি প্রতিনিধি ও দূতাবাসের কর্মকর্তারা এতে অংশ নেবেন। প্রচুর দর্শনার্থী ও জনসমাগম প্রত্যাশা করায় পরিছন্নতা, স্যানিটেশন, ট্রাফিক কন্ট্রোল এবং সার্বিক নিরাপত্তাকে মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে।

এসএইচ