বিমান বাহিনী পরিচালিত ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন জুবাইদা রহমান

‘ব্লু স্কাই’ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ডা. জুবাইদা রহমান
দেশে এখন
0

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ এ স্কুল পরিদর্শনে যান তিনি।

ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান ‘বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি সালেহা খান। এসময় ‘ব্লু স্কাই’ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।

পরিদর্শনকালে, ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এসময় তিনি স্কুলে পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে ‘ব্লু স্কাই’ স্কুলের এসব কার্যক্রম পরিচালনা করছেন। এসময় ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ স্কুলের শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন।

উল্লেখ্য, বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একজন সিস্টার/ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়ে ২০২১ সাল থেকে অদ্যাবধি বহু সংখ্যক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা কার্যক্রমের আওতায় এরইমধ্যে কিছু সংখ্যক শিশুকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে।

পরবর্তীতে, প্রধান অতিথি বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) বিভিন্ন কার্যক্রমের একটি অংশ ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। এসময় তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, বাফওয়া দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী অবলোকন করেন।

পরিদর্শন শেষে, ডা. জুবাইদা রহমান ‘ব্লু স্কাই’ স্কুল-এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ডা. জুবাইদা রহমান ‘ব্লু স্কাই’ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বাফওয়া গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উক্ত অনুষ্ঠানে, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীরা ও অন্যান্য সদস্যরাৎ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীরাসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস