ঢাকায় পৌঁছেছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন, ট্রিপ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

ক্যাটল স্পেশাল ট্রেন
কৃষি , মৎস্য ও প্রাণিসম্পদ
দেশে এখন
1

ঈদুল আজহা সামনে রেখে গতকাল (শুক্রবার, ২২ মে) রাত আড়াইটার দিকে জামালপুর থেকে ঢাকায় পৌঁছায় গরুবোঝাই প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। ট্রেনে করে আনা হয় প্রায় চারশো কোরবানির পশু। কম খরচে কোনো ঝামেলা ছাড়া পশু আনতে পেরে খুশি ব্যাপারীরা। পাশাপাশি ট্রেনের ট্রিপ আরও বাড়ানোর দাবি জানান তারা।

ঘড়ির কাটায় তখন রাত আড়াইটা। স্টেশনের নীরবতা ভেঙে কমলাপুরে ঢুকছে কোরবানির পশু বোঝাই প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। ট্রেনটির ২৫টি ওয়াগনে ছিল ছোটবড় প্রায় ৪০০ গরু। জামালপুর থেকে ঢাকায় আসতে গরুপ্রতি ব্যবসায়ীদের গুনতে হয় ৫০০ টাকা।

ব্যাপারীরা জানান, কোনো প্রকার ঝামেলা ছাড়াই কম খরচে ঢাকায় গরু আনতে পেরেছেন তারা। পথে পথে চাঁদাবাজির হয়রানি থেকেও মুক্তি মিলেছে। এছাড়া রেলপথে পশু পরিবহন কম ঝুঁকিপূর্ণ বলেও জানান তারা।

ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘খরচ কম। ট্রেনে খরচ হলো বগি ৮ হাজার টাকা চুক্তি। ট্রেন কর্তৃপক্ষ তো ভালোই নিছে, নিরাপত্তাই। মানে কোনো চাঁদাবাজ, দালাল-দুলাল নাই।’

অন্য একজন বলেন, ‘জামালপুর ইসলামপুর থেকে আইছি, ট্রেনের মধ্যে আনছি গরু। আনতে খুব আরামেই আইছি। গাড়ি কোনো ধরনের স্টপেজ দেয় নাই।’

ঢাকায় পৌঁছানোর পর গবাদি পশু নিয়ে রাজধানীর বিভিন্ন হাটের উদ্দেশে রওনা দেন ব্যাপারীরা। এসময় ট্রেনের টিপের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানান তারা।

ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘কোনো ঝামেলা কোনো ভোগান্তি হয় নাই, নিরাপত্তায় আইছি। খরচ এক গরুতে ৫০০ কইরা পড়ছে। ট্রাকে নিলে মনে হয় আরও বেশি যাইতো, ১৫০০ থেকে ২০০০ কইরা যাইতো।’

চলতি বছর গবাদি পশু পরিবহনে তিনটি ক্যাটল ট্রেনের মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। আজ (শনিবার, ২৩ মে) ও আগামীকাল (রোববার, ২৪ মে) আরও প্রায় ৮০০ গরু নিয়ে দু’টি ট্রেন জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা রয়েছে।

এসএস