আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রাজশাহী-২ আসনে (রাজপাড়া ও বোয়ালিয়া) ১১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিভাগীয় নারী ক্রীড়া কমপ্লেক্স, সায়রা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়সহ প্রায় সব কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কেন্দ্রগুলোতে নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার অপেক্ষা করতে দেখা যায়। পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ভোটাররা জানান, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারা তাদের জন্য আনন্দের। তাই সকাল সকাল ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিচ্ছেন তারা।
রাজশাহীতে মোট ৬টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৮ হাজার ৮১৭ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৭৮ হাজার ৭৬০ জন।





