ভোট দিয়েছেন সারজিস আলম, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা

সারজিস আলম
সংসদ নির্বাচন
রাজনীতি
0

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি নিজ আসনে ভোট প্রদান করেন।

তিনি বলেন, ‘আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে হ্যাঁ তে ভোট দিয়েছি। হাজারো শহিদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। জনগণের মতামতের উপরে আমরা যেন আস্থা রাখি। ভোটগ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

এসময় তিনি বলেন, ‘আমরা আজ উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি। এটা অন্য রকম একটা অনুভূতি। অনেক শহিদ ও অনেক রক্তের বিনিময়ে একটি নির্বাচন হচ্ছে। আশা করছি এটি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

আরও পড়ুন:

এসময় সারজিস আলম বলেন, ‘গত কয়েকদিনে আমরা বিএনপি নেতাকর্মীদের ভোটারদের বাধা দেয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি আজকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আমাদের কোনো অভিযোগ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘পেশিশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত আমরা কাউকে জয়ী হতে দিবো না। তবে জনগণের উপর আমাদের আস্থা থাকবে। সারা দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে। মানুষ দেখেছে দেড় বছরে কারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তা বিবেচনা করে মানুষ ভোট দিবে। সুষ্ঠু ভোট হলে পঞ্চগড়-১ আসনের প্রত্যেক কেন্দ্রে জয়ের আশা প্রকাশ করেন তিনি।’

সাধারণ ভোটারদের সঙ্গেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রয়োগ করতে দেখা যায় সারজিসকে। এসময় তার সঙ্গে তার বাবা ও ভাইও লাইনে দাঁড়িয়ে ভোট দেন। প্রার্থীর এমন উপস্থিতি ও সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়ানো নিয়ে কেন্দ্র এলাকায় কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়।

ইএ