রোমার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়; চার ম্যাচ নিষিদ্ধ ভিনি

ভিনি
এখন মাঠে
0

শেষ সাত মিনিটে তিন গোল। পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। রোমার বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়। তবে মাঠের বাইরের ঘটনায় বড় ধাক্কা লস ব্লাঙ্কোসদের। চার ম্যাচের নিষেধাজ্ঞায় এল ক্লাসিকোতে খেলতে পারবেন না ভিনিসিউস জুনিয়র।

এ যেন রিয়াল মাদ্রিদের চিরচেনা প্রত্যাবর্তনের গল্প! ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত হারার শঙ্কা, সেখান থেকেই অবিশ্বাস্য জয়। চ্যাম্পিয়ন্স লিগে রোমার মাঠে ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ সাত মিনিটে তিন গোল করেছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় রোমা। ২০ মিনিটে মাতিয়াস সুলের পাস থেকে গোল করেন মার্টেন ডি রুন। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। কিলিয়ান এমবাপের শট রোমার ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়ায় জালে। চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচে এটি এমবাপের ৭২তম গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমা। মাত্র ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ডনিয়েল মালেন। ভিনিসিউসের ভুল পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল। এরপর অফসাইডের সিদ্ধান্ত ভিএআরে বাতিল হলে নিজের দ্বিতীয় গোলটি করেন ডাচ ফরোয়ার্ড। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রোমা।

আরও পড়ুন:

কিন্তু রিয়ালকে কখনোই ম্যাচের বাইরে রাখা যায় না! ৮৩ মিনিটে বদলি হিসেবে নেমে ব্যবধান কমান কার্লোস এস্পি। দুই মিনিট পর আর্দা গুলারের কর্নার থেকে হেডে সমতা ফেরান ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিক। আর ৯০ মিনিটে গুলারের আরেকটি সেট-পিস থেকে গোল করে রিয়ালের নাটকীয় জয় নিশ্চিত করেন আন্তোনিও রুডিগার।

তবে এই জয়ের আনন্দের মধ্যেই রিয়ালের জন্য দুঃসংবাদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের চুল টানা এবং লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে উত্তপ্ত আচরণের দায়ে ভিনিসিউস জুনিয়রকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।

এই নিষেধাজ্ঞায় সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তানদের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ভিনিসিউসকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়ালকে। চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের আনন্দ থাকলেও, লা লিগার গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় পরীক্ষার মুখে এখন স্প্যানিশ জায়ান্টরা।

এফএস