আর্জেন্টিনার স্বপ্নযাত্রার অন্যতম সারথি লিওনেল স্কালোনি। তার ছোঁয়াতেই যে বদলে গেছে ধুঁকতে থাকা আলবিসেলেস্তে দলের চিত্র। দূর হয়েছে ৩ যুগেরও বেশি সময় শিরোপাহীন থাকার আক্ষেপ। সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার ডাগআউটে আরও চার বছর দেখা যেতে পারে তাকে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ইতিবাচকভাবে এগোচ্ছে স্কালোনির চুক্তি নবায়নের আলোচনা। সব ঠিক থাকলে, নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতেই চূড়ান্ত হতে পারে নতুন চুক্তি। নতুন চুক্তিতে প্রাথমিকভাবে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকবেন স্কালোনি। দুই পক্ষের সম্মতি সাপেক্ষে এই মেয়াদ বাড়তে পারে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।
আরও পড়ুন:
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। এরপর ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আকাশী-নীল শিবির। ২০২২ সালে ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জয়- সবই এসেছে তার অধীনে। এরপর ২০২৪ সালে আবারও কোপা আমেরিকা জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আর্জেন্টিনা।
পরিসংখ্যানেও স্পষ্ট স্কালোনির আধিপত্য। ২০২৬ সালের জুলাই পর্যন্ত তার অধীনে ১০৫ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ৮১ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল, ড্র ১৪টি, হার মাত্র ১০টি।
স্কালোনির অধীনে চারটি বড় শিরোপা জয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল আর্জেন্টিনা। এবার নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং মেসি-পরবর্তী যুগেও আর্জেন্টিনার সাফল্যের ধারা ধরে রাখাই হবে স্কালোনির মূল চ্যালেঞ্জ।





