বার্নাব্যু থেকে এমিরেটসে আজ চ্যাম্পিয়ন্স লিগের মহারণ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
এখন মাঠে
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডে রাতে ইউরোপীয় ফুটবলের মহারণ। বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি। ইত্তিহাদে ইতালিয়ান জায়ান্ট নাপোলিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। আর এমিরেটস স্টেডিয়ামে জার্মান বুন্দেসলিগার টেবিল টপার বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে আর্সেনাল। হাইভোল্টেজ এই তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) রাত দুইটায়।

চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার লক্ষ্য রিয়াল মাদ্রিদের। টেবিলের দুই নম্বরে থাকা স্প্যানিশ জায়ান্টরা ঘরের মাঠে আতিথ্য দেবে টেবিলের তলানিতে থাকা ডাচ ক্লাব পিএসভিকে। ৩৭ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

মৌসুমের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও, জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক আর রিয়ালের হয়ে শেষ ম্যাচে জোড়া অ্যাসিস্টে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। পিএসভির অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় থাকায় ম্যাচটা কঠিন হবে মানছেন মরিনিও।

রিয়াল কোচ মরিনিও বলেন, ‘আমরা সবাই ভিনিসিয়াসের সেরা রূপটাই দেখতে চাই। পিএসভির খেলার ধরন বেশ পরিষ্কার এবং তাদের দলে অভিজ্ঞ ও মানসম্পন্ন তরুণ খেলোয়াড় আছে। তাই ম্যাচটা আমাদের এবং ওদের-দুই দলের জন্যই কঠিন হতে যাচ্ছে।’

এদিকে, ঘরোয়া লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকলেও ইউরোপীয় মঞ্চে দারুণ ছন্দে ম্যানচেস্টার সিটি। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থাকা সিটিজেনদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। ইনজুরিতে নাপোলির একাধিক মূল খেলোয়াড় ছিটকে যাওয়ায় ফেভারিট হিসেবেই মাঠে নামবে স্বাগতিকরা। নাপোলির জার্সিতে পুরনো ঠিকানা ইত্তিহাদে ফিরছেন সিটি কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা। প্রিয় শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন সিটি বস।

ম্যানচেস্টার সিটি’র কোচ এনজো মারেস্কা বলেন, ‘কোনো সন্দেহ নেই, কেভিন এই ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা। গত ১০ বছরে ক্লাব যা কিছু জিতেছে, তার পেছনে ওর বড় অবদান ছিল। ও অসাধারণ একজন খেলোয়াড় এবং দারুণ মানুষ, ওর সাথে কাজ করাটা সবসময়ই আনন্দের।’

অন্যদিকে, এমিরেটস স্টেডিয়ামে লড়াইটা দুই ঘরোয়া লিগ শীর্ষ দলের। প্রিমিয়ার লিগ টপার আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগেও অপরাজিত থেকে আছে তিন নম্বরে। তবে কাঁধের ইনজুরির কারণে এই ম্যাচে গোলরক্ষক ডেভিড রায়াকে পাচ্ছে না গানাররা, তার জায়গায় পোস্ট সামলাবেন কেপা আরিজাবালাগা।

প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগার শীর্ষে থাকলেও ইউরোপীয় টেবিলে আছে ১২ নম্বরে। প্রাক-মৌসুমে ডর্টমুন্ডের কাছে হারের স্মৃতি মাথায় রেখেই ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলের ছক কষেছেন মিকেল আর্তেতা।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘নিকো কোভাচের অধীনে ডর্টমুন্ড দারুণ খেলছে এবং তারা প্রচুর সুযোগ তৈরি করছে। প্রাক-মৌসুমে ওরা আমাদের মাঠে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। তবে এবার আমরা নিজেদের দর্শকদের সামনে খেলব এবং শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলব।’

নকআউট পর্বের সমীকরণ সহজ করতে আজ রাতের জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ তিন জায়ান্টের জন্যই। শেষ হাসি কারা হাসে, তা দেখতে অপেক্ষা রাত দুইটা পর্যন্ত।

জেআর