প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বিসিবি একাদশ

বিসিবি একাদশ
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বিসিবি একাদশ। গতকাল (শনিবার, ৭ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এ প্রস্তুতি ম্যাচ। বিসিএল অল স্টার একাদশকে ৪০ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ডামাডোলে ব্যস্ত থাকা বাংলাদেশ দল যেন খেই হারিয়ে ফেলেছে নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে। বাজে পারফরমেন্সের শঙ্কা দেখা দিয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া নিয়ে। তাইতো আবারো চিরচেনা ফরম্যাটে ঝড় তুলতে নিজেদের ভেঙে গড়ছে টাইগাররা। ১১ মার্চ শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বিসিবি স্কোয়াড ও সবশেষ বিসিএলের সেরা পারফরমারদের মধ্যে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে বিসিবি।

শনিবার মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও তানজীদ তামিম যোগ করেন ৫৭ রান। সাইফ-সৌম্যর দ্রুত বিদায়ের পরও নাজমুল হোসেন শান্তর সাথে তামিমের ৭৩ রানের জুটি বিসিবি একাদশকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়।

আরও পড়ুন:

দীর্ঘদিন পর দলে ফেরা লিটন দাস মিডল অর্ডারে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। ৩৮ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। অন্যদিকে তানজীদ তামিম ১০০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা সাজানো ছিল ৬টি চার ও ৪টি নান্দনিক ছক্কায়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বিসিবি একাদশ।

রান তাড়া করতে নেমে জিসান আলমের ফিফটি এবং নাঈম শেখের ৪০ রানে বিসিএল অল স্টার একাদশ শুরু করেছিল দারুণ। তবে মিডল অর্ডারে লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। রিশাদ একাই ৪০ রানে ৫টি উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিংলাইনে ধস নামান।

শেষ দিকে রিপন মণ্ডলের ৩৯ এবং আব্দুল গাফফার সাকলাইনের লড়াকু ৪৯ রানের ইনিংসে হারের ব্যবধান কমায় অল স্টার একাদশ। ব্যাটে-বলে ঝড় তুলে ৪০ রানের এই জয়ে এখন আত্মবিশ্বাসী জাতীয় দলের ক্রিকেটাররা।

ইএ